শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মহানগরীর আশ্রাফপুরে ৭ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ


মহানগরীর আশ্রাফপুরে ৭ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা মহানগরীর উত্তর আশ্রাফপুর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতন করে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে কুমিল্লা ইপিজেডের প্রভাবশালী ঠিকাদার ও ঝুট ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম আরিফের (৩৫) বিরুদ্ধে। এদিকে প্রভাবশালী গ্রুপের হুমকি-ধমকির ভয়ে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে ওই শিক্ষার্থীর। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার বাদি হয়ে কুমিল্লা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ আদালতে একটি ধর্ষণের চেষ্টার মামলা করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
ধর্ষণের মামলায় অভিযুক্ত মোঃ আরিফুল ইসলাম আরিফ নগরীর দক্ষিণ চর্থা বড় পুকুরপাড় এলাকার আমিনুল ইসলামের ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, স্থানীয় সানমুন একাডেমি স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। কুমিল্লা ইপিজেডের প্রভাবশালী ঠিকাদার ও ঝুট ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম আরিফ ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সময় উত্যক্ত করত ও কু-প্রস্তাব দিত। পরে এ বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর মা তার মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
এদিকে চলতি বছরের ৩১ জুলাই সোমবার সন্ধ্যা ৭ টায় বাবা-মা বাসায় না থাকার সুযোগ নিয়ে আরিফুল ইসলাম আরিফ বাড়িতে ঢুকে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে চাইলে ব্যথা পেয়ে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে পড়লে পিস্তল বের করে ভয় দেখিয়ে আরিফ চলে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাদেরকে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে বাদি পক্ষ আদালতে মামলা দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আসামির বিরুদ্ধে কয়েকটা মামলা রয়েছে। আরিফুল ইসলাম আরিফ কুমিল্লার চর্থায় বিজিবি হত্যা মামলা, ইপিজেডের চাইনিজ কর্মকর্তা অপহরণ ও অস্ত্র মামলার আসামি।
কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, আরিফকে পিস্তলসহ কান্দিরপাড় এলাকা থেকে আমি একবার গ্রেফতার করেছিলাম।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বিষয়টি তদন্ত করছেন। তদন্ত শেষে বিস্তারিত জানাবো।

পূর্বাশানিউজ/১৩ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি