বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পানিতে ভাসছে হাজার কোটি টাকার বিনিয়োগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জলাবদ্ধতার কারণে নিচু এলাকায় ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার কোটি টাকা বিনিয়োগ করে পথে বসার উপক্রম ব্যবসায়ীদের। বন্দর নগরী চট্রগ্রামে ২০০’র বেশি অত্যাধুনিক শো-রুম ক্রেতাশুন্য। জোয়ারের পানিতে প্রতিদিন নিচু এলাকা তলিয়ে যায়। ফলে বেশিরভাগ সময় বেচাকেনা বন্ধ থাকে। গুনতে হচ্ছে বড় অঙ্কের লোকশান।

বন্দর নগরীর অন্যতম এলাকা হিসেবে পরিচিত আগ্রাবাদ একসেস রোড সহ আশেপাশের এলাকা। বিভিন্ন ব্রান্ডের প্রায় ২০০ টি ফার্নিচার প্রতিষ্ঠানের শো-রুম এখনে রয়েছে। ব্যবসায়ীদের বিনিয়োগ এক হাজার কোটি টাকারও বেশি। কিন্তু জলাবদ্ধতার কারণে তাদের মাথায় হাত। পানিতে নষ্ট হচ্ছে নজরকাড়া ফার্নিচার। ক্রেতাও নেই বললেই চলে। বিশাল অঙ্কের বিনিয়োগ করে অনেকটা পথে বসার অবস্থা ব্যবসায়ীদের।

একজন ব্যবসায়ী বলেন, এই রোডে এখন আর নতুন পূরাতন কোন কাস্টমার আসতেছেনা। পরিচিত কাস্টমাররা আসার আগে ফোন করে জানতে চায় রোডে পানি আছে কিনা।

গাড়ি, স্টিলের পণ্য কিংবা ঘর সাজানোর উপকরণ নিয়ে কোটি কোটি টাকার বিনিয়োগ করেছেন অনেকেই। এখন সরানোর উপায় নেই তাই পানিতে ডুবছে সব বিনিয়োগ।

আরেকজন ব্যবসায়ী বলেন, আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ আছে। ৭০ লাখ টাকা অগ্রিম দিয়ে শো-রুম কিনেছি। কোটি কোটি টাকা বিনিয়োগ করে বসে আছি। এখন থাকতেও পারছিনা, ছেড়ে চলে যেতেও পারছিনা।

বৃষ্টি হোক কিংবা না হোক প্রতিদিন দুইবার জোয়ারের পানি উঠায় বেশিরভাগ সময় দোকান বন্ধ রাখতে হয় বন্দর নগরীর এসব এলাকায়। একই অবস্থা এখানকার বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ীর। লোকশান দিতে দিতে শেষপর্যন্ত অনেকেই ব্যবসা ছাড়ছেন।

14/08/ 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি