
জাতীয় শোক দিবসে এক শিক্ষকের ক্লাস নেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি ‘র প্রশাসনিক ও সকল একাডেমীক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্ররা।
বুধবার সকাল থেকে কুবি ক্যাম্পাসে চলছে বিক্ষোভ মিছিল আর তালা ঝুলানো হয়েছে প্রশাসনিক ও সকল একাডেমীক ভবনে। ওই শিক্ষকের বহিষ্কার দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সূত্র জানায়, শোক দিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা চলছিল প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে। এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ জানতে পারেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভুইঁয়া ক্লাস নিচ্ছেন। শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তখন ঐ ক্লাসে যান। পরে তারা গণযোগাযোগ ও সংবাদিকতা বিভাগের সভাপতির বহিষ্কার দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ করে।
শোক দিবসে ক্লাস নিয়ে ঐ শিক্ষক শোক দিবসকে অবমাননা করেছেন, এমন অভিযোগ করে তার বহিস্কার দাবি করে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে উপাচার্যকে একটি স্মারকলিপি দেয় শাখা ছাত্রলীগ।
এ বিষয়ে বিভাগের শিক্ষক ও বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভূইঁয়া বলেন, আমি ক্লাস নিচ্ছিলাম না। পরীক্ষার জন্য ঐ ব্যাচের ক্লাস বহু আগেই বাতিল করা হয়েছে।
কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমরা তাকে ক্লাসে পেয়েছি। তিনি শোক দিবসে ক্লাস নিয়ে ধৃষ্টতা দেখিয়েছেন।
২০১৭/রুমকী

















































