সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পদ্মা নদীর পানি ৭৭ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, রাজধানীতে বন্যার আশঙ্কা


পদ্মা নদীর পানি ৭৭ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, রাজধানীতে বন্যার আশঙ্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পদ্মা নদীর পানি বাড়ছে। গেলো ২৪ ঘণ্টায় এ নদীর পানি রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে ২১ সে.মি বেড়ে বিপদসীমার ৭৭ সে.মি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, ভাগ্যকূল পয়েন্টে ১৭ সে.মি বেড়ে বিপদসীমার ১৫ সে.মি ওপর দিয়ে বইছে দেশের অন্যতম প্রধান এ নদীর পানি। পদ্মায় পানি বৃদ্ধির ধারা আরো তিনদিন অব্যাহত থাকতে পারে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পদ্মার পানি বৃদ্ধির ফলে বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর পানি বেড়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে।

বুধবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানা যায়। এদিকে, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতিও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উন্নতির দিকে যেতে শুরু করবে বলে জানায় পাউবোর প্রকৌশলীরা।

গেলো কয়েকদিনের মতো বুধবাররও সকাল থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ১৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদরা জানায়, আগামী দু’দিন পর বৃষ্টির এই প্রবণতা কমতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশালে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, ‘প্রধান প্রধান ২০টি নদীর পানি ২৯টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে সুরমা-কুশিয়ারা নদীর পানি কমছে। আগামী ৪৮ ঘণ্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি স্থিতিশীল হয়ে কমতে থাকবে।’তিনি আরো জানান, ‘পদ্মা নদীর পানি বৃদ্ধি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে। ঢাকার আশেপাশের নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।’

পূর্বাশানিউজ/১৬ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি