
পূর্বাশা ডেস্ক:
জেলার ঘাটাইলে জাতীয় শোক দিবসে গণভোজের জন্য রান্না করা গরম খিচুড়ির বড় পাতিলে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় ওই শিশুর বড় ভাইয়ের শরীরও ঝলসে গেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার আনেহলা ইউনিয়নের যোগিহাটী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু যোগিহাটী গ্রামের ওমর আলীর ছেলে মাঈনুল ইসলাম (৩)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে অনেহলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ যুগিহাটী বটতলায় মঙ্গলবার বিকালে গণভোজের আয়োজন করে।
গণভোজের খিচুড়ি রান্না করার সময় যুগিহাটী গ্রামের নাজমুল তার ছোট ভাই মাঈনুলকে কাঁধে চড়িয়ে খিচুড়ি রান্না দেখছিল। এসময় আরও কয়েকজন শিশু রান্না দেখছিল।
খিচুড়ি চুলা থেকে নামানোর পর নাজমুল পাতিলের ভেতর খিচুড়ি দেখার জন্য উঁকি দেয়। এসময় কাঁধে থাকা মাঈনুল গরম খিচুড়ির পাতিলের মধ্যে পড়ে যায়। নাজমুলও ভারসাম্য হারিয়ে পাতিলে পড়ে দগ্ধ হয়।
পরে স্থানীয় লোকজন দুই ভাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। প্রথমে তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখান তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে মাইনুলের মৃত্যু হয়। নাজমুলকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৭/মাহি






















































