মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আজ বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৭ থেকে ৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্ট এবং ৪ থেকে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলবে তারা। এ সিরিজ সামনে রেখে চূড়ান্ত দল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। কাল প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন তারা। বাংলাদেশের চূড়ান্ত দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন নির্বাচকরা। গুঞ্জন হচ্ছেÑ প্রথম টেস্টে বাংলাদেশ দল থেকে বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ ও মুমিনুল হক! কেননা সর্বশেষ গত মার্চে কলম্বোতে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছিল শ্রীলংকার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ ও মুমিনুল দুজনের কেউই। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে তোলার ক্ষেত্রে কৃতিত্ব থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দলে জায়গা না-ও হতে পারে মাহমুদউল্লাহর। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নজর কেড়েছেন সাব্বির রহমান ও তরুণ মোসাদ্দেক হোসেন। তাইজুল ইসলামও জায়গা ধরে রাখতে পারেন। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্টে বাংলাদেশ দলে চারটি পরিবর্তন এসেছিল। মুমিনুল, মাহমুদউল্লাহ ও তাসকিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন ইমরুল, সাব্বির, মোসাদ্দেক ও তাইজুল। লিটন দাস ইনজুরিতে পড়েছিলেন। তামিম ইকবালের সঙ্গে নিয়মিত ওপেনিংয়ে নামা ইমরুল দলে জায়গা ধরে রাখতে পারেন। দলে থাকতে পারেন সৌম্য সরকারও।
মিরপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে স্পিনেই ঘায়েল করতে চাইবে বাংলাদেশ। সেক্ষেত্রে তারকা মোস্তাফিজুর রহমানের সঙ্গে দলে জায়গা পেতে নিজেদের মধ্যে লড়াই করতে হবে তাসকিন, কামরুল, রুবেল ও শফিউলদের। দলে যোগ করা হতে পারে লিটন দাসকেও। সুযোগ থাকছে অলরাউন্ডার নাসির হোসেনেরও।

পূর্বাশানিউজ/১৮ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি