
বন্যা কবলিত উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথমে দিনাজপুরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। এবারের বন্যায় জেলার ১৩টি উপজেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরপর প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
প্রধানমন্ত্রীর আগমনে বন্যার্তরা ভরসা পাবেন বলে আশা প্রকাশ করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
ভয়াবহ বন্যায় এবার কুড়িগ্রামে ৯ উপজেলার ৮ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে প্রায় ৫ লাখ মানুষ।
ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী বিকেলেই ঢাকায় ফিরবেন।
২০১৭/রুমকী






















































