বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজা বাবু, কালা পাহাড় ও ‘জনসিনা’কে নিয়ে হইচই


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌদি আরবে উটের পরিচর্যার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ একটি ষাড় গরুকে ২৫ মণ ওজনের বানিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা গ্রামের মঞ্জুর আকন্দ। কোরবানির ঈদকে সামনে রেখে পরম আদর যত্নে লালিত গরুটিকে তিনি জনপ্রিয় রেসলার জনসিনার নামে নাম রেখেছেন ‘জনসিনা’। বিশাল দেহের এই জনসিনাকে দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। অবাক করার ব্যাপার সার্কাসে দেখা পোষ্য প্রাণীর মতোই জনসিনা কথা শুনছেন মনিব মঞ্জুরের। গরুটিকে শুতে বললে শুয়ে পড়ছে, দাঁড়াতে বললে দাঁড়াচ্ছে, ঘুরছে আবার মাথা উঁচু-নিচু করা থেকে শুরু করে মনিবের আদেশে মল-মূত্র বিসর্জনও করছেন আদরের জনসিনা। এ দৃশ্য দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে মঞ্জুর আকন্দের বাড়ি। গরুটি বিক্রিতেও দেয়া হয়েছে আকর্ষণীয় প্রলোভন। যিনি জনসিনাকে ক্রয় করবেন সঙ্গে পাবেন নয়নাভিরাম জিন্দা পার্কে বেড়ানোর ১৫টি টিকিট এবং মঞ্জুরের লালিত এক মণ ওজনের খাসি লালু অথবা সাধুকে সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। জিন্দা এলাকাবাসী ও পরিবারের দাবি ‘জনসিনা’ এই অঞ্চলের শ্রেষ্ঠ কোরবানির পশু। এমনটি এ ধরনের পশু ইতিপূর্বে রূপগঞ্জ উপজেলায় তৈরি করারও নজির নেই বলে দাবি স্থানীয়দের।
সরজমিনে ঘুরে জানা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা গ্রামের সালাউদ্দিন আকন্দের ছেলে মঞ্জুর আকন্দ ছিলেন সৌদি প্রবাসী। সেখানে তিনি উটের পরিচর্যার কাজ করতেন। ৫ বছর পূর্বে তিনি স্থানীভাবে দেশে ফিরে আসেন। সৌদি আরবে উটের পরিচর্যার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি গবাদি পশু লালন পালন শুরু করেন তার নিজবাড়ি জিন্দা গ্রামে। ২০১৪ সালে তিনি তার চাচাতো ভাই সারফিন আকন্দের কাছ থেকে ৩০ হাজার টাকায় শাহীওয়াল জাতের এই ষাড় বাছুরটি ক্রয় করে এর পরিচর্র্যা শুরু করেন। ক্রমেই বাছুরটি বিশাল দেহের আকৃতি ধারণ শুরু করলে মঞ্জুর আকন্দ গরুটির নাম জনপ্রিয় রেসলিং খেলোয়াড় জনসিনার নামে নামকরণ করেন। ৩ বছরের পরিচর্যায় বর্তমানে পশুটির ওজন প্রায় ২৫ মণ বলে জানা গেছে। সবুজ ঘাস, গমের ভুসি, খড় আর গরুর ফিড খাইয়ে জনসিনাকে বড় করা হয়েছে। তিনি গরুটির দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা। কমপক্ষে ১০-১২ লাখ টাকায় পশুটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন মঞ্জুর আকন্দ। লাল ও কালো রংয়ের মিশ্রণের জনসিনা দেখতেও অনেক আকর্ষণীয়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গরুকে না পেটালে কথা শুনে না প্রবাদ মিথ্যা প্রমাণ করে দিয়ে জনসিনা তার মনিবের কথায় উঠছে-বসছে। পশুটিকে মনিব মঞ্জুর আকন্দ শুতে বললে শুয়ে পড়ছে, দাঁড়াতে বললে উঠে দাঁড়াচ্ছে, ঘুরছে আবার মাথা উঁচু-নিচু করা থেকে শুরু করে মল-মূত্র পর্যন্ত বিসর্জনও করছে। এ দৃশ্য দেখে বিমোহিত হয়ে পড়ছেন উৎসুক দর্শনার্থীরা। তবে ভয়ের ব্যাপারও রয়েছে এতো বড় পশুটি যেন অজান্তে কারো সঙ্গে শত্রুতা কিনে ফেলেছে। কে বা কারা রাতের আঁধারে একাধিকবার খাবারে বিষ মিশিয়ে জনসিনাকে হত্যার চেষ্টা করেছে। তবে বোঝদার জনসিনা সে খাবারে মুখটি পর্যন্ত ঘেঁষায়নি।
এব্যাপারে রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহাঙ্গীর রতন বলেন, মঞ্জুর আকন্দ ঝুঁকি নিয়ে বিশাল গরু পালন করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এমন পশু পালনে আমরা মালিকদের নিয়মিত পরামর্শ ও সার্বিক সহায়তা দিয়ে থাকি। সে যদি কাঙ্ক্ষিত বাজার মূল্য পায় তাহলে ভবিষ্যতে আরো অনেকে বড় পশু তৈরি করবেন বলে ধারণা প্রাণিসম্পদ কর্মকর্তার।

মো. মতিউর রহমান, সাটুরিয়া (মানিকগঞ্জ) থেকে: বিশাল দেহে কালো ছাপ মেশানো ধবধবে সাদা, যেন কম্পিউটারে কালার প্রিন্ট করা গায়ের চামড়া। মাথায় লম্বা সরু শিং, নাম তার রাজা বাবু। শান্ত স্বভাবের এ কোরবানির গরুর আচরণে রাজা নামের অনেকটা মিল রয়েছে। গরিব খান্নু মিয়ার ভাঙ্গা ঘরে চাঁদের আলোর মতো বেমানান হলেও ছেলের মতো আদরেই রয়েছে রাজা বাবু। ৩৯ মণ ওজনের বিশাল এ ষাঁড় গরু পালন করে পুরো মানিকগঞ্জ জেলায় আলোড়ন সৃষ্টি করেছেন। চার পায়ে দাঁডানো প্রায় দেড় টন ওজনের ওই বিশাল দেহের গরুটি দেখে হতবাক দর্শনার্থীরা। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের দেলুয়া গ্রামের খান্নু মিয়ার পালিত ‘রাজা বাবু’ নামের কোরবানির পশু গরুর ওজন ৩৯ মণ। একই এলাকার বেংরুয়া গ্রামের হাজী তারা বেপারির পালিত ‘কালা পাহাড়’ ষাঁড় গরুর ওজন ৩৪ মণ। মানিকগঞ্জ জেলাসহ এ অঞ্চলের শ্রেষ্ঠ কোরবানির পশু বলে দাবি তাদের পরিবারের। এ নিয়ে বিভিন্ন জেলা থেকে আগত ক্রেতা ও উৎসুক দর্শকরা এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছে। পালিত পরিবারের পক্ষ থেকে রাজা বাবুর দাম ২০ লাখ এবং কালো পাহাড়ের দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। সরজমিন গিয়ে জানা গেছে, উপজেলার দেলুয়া গ্রামে ৬ কন্যার জনক পুত্রহীন খান্নু মিয়া ২০১৬ সালে কোরবানির ঈদে ২৭ মণ ওজনের তিন বছর বয়সী ষাঁড় গরু ১০ লাখ টাকা বিক্রি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছিলেন। এতে উৎসাহী হয়ে ফের ২ বছর বয়সী একটি ষাঁড় আড়াই লাখ টাকায় কিনে পুত্রের মতো আদর যত্ন দিয়ে লালন পালন শুরু করেন। ফিজিয়ান জাতের রাজা বাবু নামের ওই ষাঁড় গরুটি বর্তমানে ৩৯ মণ ওজন বলে জানান খান্নু মিয়ার পরিবার। কালো শরীরে সাদাডোরা দাগের ১৫৭২ কেজি ওজনের প্রায় দেড টন ষাঁড় গরুটি লালন করে পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেন তিনি। গত বছরে গরু বিক্রি করা টাকা দিয়ে ঋণ পরিশোধ করেন, বাকি টাকা দিয়ে এক বছর আগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ২ বছর বয়সী ফিজিয়ান জাতের একটি ষাঁড় কিনে আনেন। সেই থেকে শুরু। ইতি ও তার মা সাদা ও কালো রঙের ষাঁড়টির যত্ম নেওয়া শুরু করেন। ষাঁড়টির নাম দেন ‘রাজা বাবু’। ‘রাজা বাবু’ বললেই তাদের ডাকে সাড়া দেয় ষাঁড়টি। প্রতিদিন খাবার খাওয়ানো শুরু করেন। মিষ্টি লাউ, দেশি লাউ, সবরি ও বিচি কলা, ছোলা, বুট, কুঁড়া, ভুষি, খড় ও কাঁচা ঘাস। মাঝে মাঝে আঙ্গুর, মালটা ও তেঁতুল খাওয়ানোও বাদ যায় না। এ ব্যাপারে ইতি আক্তার জানান, কোরবানির ঈদকে সামনে রেখে রাজা বাবুকে লালন করেছি। রাজা বাবু মাঝে মাঝে রেগে যান, তখন ঠাণ্ডা পানি ছিটিয়ে দিয়ে সবরি কলা সমানে ধরলেই সব ঠিক হয়ে যায়। তাছাড়াও এ ষাঁড়টি খুব ঠাণ্ডা প্রকৃতির। ইতি আরো বলেন, রাজা বাবুকে দিনে ২ বার ১৪টি শ্যাম্পু ও ৬ কন্ডিশনার শ্যাম্পু দিয়ে গোসল করাই। লম্বায় ৭ ফুট ৩ ও ৯ ফুট ১ ইঞ্চি বেড়ের এ ষাঁড়টির দাঁত আছে ৪টি। বর্তমান ওজন ১৫৭২ কেজি (৩৯ মণের উপরে) হলেও ঈদের আগে আরও ওজন বাড়বে। খান্নু মিয়ার স্ত্রী পরিষ্কার বেগম জানান, নবম শ্রেণির ছাত্রী ছোট কন্যা ইতি আক্তার রাজা বাবুকে বেশি দেখাশোনা করে। এ ছাড়া আমার ৫টি মেয়ে ওকে ভীষণ আদর করে। শ্বশুর বাড়ি থেকে আসতে রাজা বাবুর জন্যে কমলা আপেল কলা মালটা নিয়ে আসে। চিঁড়া, গুড়, মিষ্টি লাউ, কলা, মালটা, বেলসহ ফলমূল ও গমের ভূষি খড় খাইয়ে রাজা বাবুকে বড় করেছেন। মোটাতাজাকরণের কোনোরকম অবৈধ কিছু ব্যবহার করেননি বলে জানান তার পরিবার। এদিকে একই ইউনিয়নে হাজী মো. তারা বেপারীর পুত্র রাশেদ মেম্বার বাডিতে গিয়ে দেখে গেছে দেশি জাতের একটি কোরবানির গরু নাম কালো পাহাড়। গায়ের রং ছিপছিপে কালো, উঁচু চুড়া, ঝুলে থাকা গলাকম্বল প্রায় মাটি ছুঁই ছুঁই করছে। চার বছর বয়সী ৬ দাঁতের ওই গরুটির ওজন ৩৪ মণ। রাশেদ মেম্বার জানান, শখের বসবতী হয়ে অনেক ঝুঁকি নিয়েও কালো পাহাড়কে লালন করছি। এদিকে বৃষ্টির কারণে অনেক সমস্যায় পড়তে হয়। আবার বন্যার পানি এলাকায় ডুকতেছে যদি বাড়িতে পানি উঠে যায় তাহলে বিপদে পড়ে যাব। তার ষাঁড় গরুটিকে ১৫ লাখ টাকায় বিক্রি করবেন বলে আশা করছেন তিনি। এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. খুরশেদ আলম বলেন, ঈদ সামনে রেখে সাটুরিয়া উপজেলায় ৭ হাজার গরু মোটাতাজাকরণ করা হয়েছে। তার মধ্যেইতি ও পরিষ্কার বিবির লালিত এ ষাঁড়টির ওজন আমি নিজে মেপেছি। রোববার পর্যন্ত ওর ওজন ১৫৭২ কেজি, যা ৩৯ মণ ও দেড় টনেরও বেশি। আমরা নিয়মিত এ গরুটির দেখভাল করেছি। ঈদের পরে এ পরিবারকে সহজ শর্তে সরকারি কোনো ব্যাংক থেকে ঋণ সহায়তা দেবার জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করব। এ ব্যাপারে গরুর বেপারি শাহানুর জানান, এমন বড় ও ওজনের আকৃতি গরু সাধারণত ওজন দেখে বিক্রি হয় না। শখ করে বড় বড় কোম্পানিই এমন গরু কিনে থাকেন। পরিষ্কার বিবি ও ইতির এ গরুটি বাজার ভালো থাকলে ও কোম্পানির চোখে পড়লে ১৫-১৭ লাখ টাকা বিক্রি করতে পারবে।

২১ আগস্ট ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি