
পূর্বাশা ডেস্ক:
কুড়িগ্রামে উজান থেকে বন্যার পানিতে ভেসে আসা একটি নয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
২৩ আগস্ট বুধবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর চর কৃষ্ণপুরের বেলাল হোসেনের বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে সাপটি পেঁচিয়ে ছিল।
বেলাল হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে সাপটিকে দেখতে পান উঠানের একটি গাছের সঙ্গে পেঁচিয়ে থাকতে । পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ওই বাড়িতে ভিড় করতে থাকেন। তারা সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। সে সময় উপস্থিত কয়েকজন তরুণ ওই সিদ্ধান্তে বাধা দেন এবং তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস সেখানে যেতে অসম্মতি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেওয়া হয়। ওই দুই কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর স্থানীয় তরুণেরা সাপটি ধরে বস্তাবন্দী করে প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যান। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে সাপটি হস্তান্তর করা হয়।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সাপটি লম্বায় সাড়ে নয় ফুট। বয়স দেড় বছর। সাপটি চোখ খুলতে শুরু করেছে। এটা পাহাড় থেকে বন্যার পানিতে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
কুড়িগ্রাম সদরের ইউএনও আমিন আল পারভেজ জানান, বন বিভাগের মাধ্যমে দিনাজপুর রামসাগরের অভয় আশ্রমে সাপটি পাঠিয়ে দেওয়া হবে।
২০১৭/রুমকী



















































