
পূর্বাশা ডেস্ক:
বুধবার রাত নয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ছয় ঘন্টায় রাজধানীতে তিনটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর পল্লবী, মোহাম্মদপুর ও মুগদা এলাকায় গলায় ফাঁস লাগানো তিন যুবকের দুজনের পরিচয় জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা।
আজ ভোর ছয়টার দিকে রাজধানীর মুগদা এলাকায় একটি বাড়ির আমগাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মুগদা থানার উপপরিদর্শক ইয়াকুব আলী বলেন, মুগদার ৫৮/বি-৩ বশির আহমেদের বাড়ির আমগাছের সঙ্গে লাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল লাশটি। আনুমানিক ২৪ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এই যুবকের পরনে ছিল শ্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।
এর আগে বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি পার্কের গাছে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, মোহাম্মদপুরের মিনার মসজিদের পার্কের গাছে রশি দিয়ে ঝোলানো ছিল ওই যুবকের লাশের পরনে ছিল নীল রঙের জিন্সের প্যান্ট ও গেঞ্জি। তার বয়স আনুমানিক (২৫) বছর।
অন্য লাশটি উদ্ধার করা হয় রাজধানীর পল্লবী এলাকায়। পল্লবী থানার উপপরিদর্শক ফুয়াদ উদ্দিন বলেন, গতকাল বুধবার রাত নয়টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের, ডি ব্লকের, ২১ নম্বর সড়কের, ২৬ নম্বর বাড়ির ষষ্ঠ তলার দক্ষিণ পাশের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মাঈনুদ্দীন নামের এক যুবকের লাশ। তার গলায় ফাঁস লাগানো ছিল।
বাড়ির মালিক মাহবুবুর রহমান পাপ্পু জানান, মাঈনুদ্দীন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার গোয়াজচর গ্রামের নয় নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।
২০১৭/রুমকী

















































