শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিন বছরেও শনাক্ত হয়নি ফারুকীর খুনি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত তিন বছরেও শেষ হয়নি। দীর্ঘ সময় পার হলেও মামলার রহস্য উদঘাটন হচ্ছে না এবং আসামিরা অধরা। মামলার অগ্রগতি বলতে শুধু থানা পুলিশ থেকে ডিবি পুলিশ এবং ডিবি পুলিশ হয়ে মামলার তদন্ত সিআইডিতে হাতবদল।

প্রকৃত আসামি গ্রেফতার করতে না পারায় মামলার চার্জশিট কবে নাগাদ দিতে পারবেন তাও অজানা মামলার তদন্ত কর্মকর্তার। এ মামলায় সাতজন আসামি গ্রেফতার করার কথা বলা হলেও এর মধ্যে ছয়জনই অন্য মামলায় গ্রেফতার হওয়া আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

এদিকে তদন্তকারী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী এত দিন ফারুকী হত্যায় সন্দেহের তীর জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দিকে ছুড়ে দাবি করেছিল, মতাদর্শ নিয়ে বিরোধের জের ধরে উগ্রপন্থীরা তাকে হত্যা করেছে। কিন্তু তিন বছর পর এখন বলছেন, এটি উগ্রপন্থীদের কাজ নয়; নিছক ডাকাতির ঘটনা। তবে তদন্ত সংশ্লিষ্টদের এমন মন্তব্যে ক্ষোভ আর তীব্র প্রতিবাদ জানিয়েছেন নিহতের পরিবার। এ ঘটনায় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, সন্দেহভাজনদের আটক, তদন্ত কর্মকর্তা-প্রতিষ্ঠানের রদবদল এবং আসামি চিহ্নিত করার চেষ্টার মধ্যেই আটকে আছে তদন্ত। রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার না করতে পারায় বছরের পর বছর চার্জশিটও দিতে পারছে না তদন্ত কর্মকর্তারা। পুলিশের আন্তরিকতার অভাবে হত্যাকারীরা গ্রেফতার হচ্ছে না বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

২০১৪ সালের ২৭ আগস্ট পূর্ব রাজাবাজারে ১৭৪ নম্বর বাসায় গলাকেটে হত্যা করা হয় মাওলানা ফারুকীকে। তিনি চ্যানেল আইয়ের কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক ও হাইকোর্ট মাজার মসজিদের খতিব ছিলেন। থানা ও গোয়েন্দা পুলিশের হাত হয়ে মামলাটি এখন তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে তারাও কোনো কূলকিনারা করতে পারেনি।

ফারুকী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক আরশেদ আলী মন্ডল আলোকিত বাংলাদেশকে বলেন, ফারুকী হত্যাকান্ডে জড়িত সন্দেহভাজন কয়েকজন বন্দুকযুদ্ধে মারা গেছেন। হত্যাকান্ডে জড়িত সন্দেহে বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা শায়খ মোজাফফর বিন মুহসিনসহ তিনজন, জেএমবির সাতজন ও হরকাতুল জিহাদের তিন সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে সাতজনকে ফারুকী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। নিহতের স্বজনরা অভিযোগ করছেন, মামলার তদন্তে পুলিশের আন্তরিকতার অভাবে হত্যাকারীরা গ্রেফতার হচ্ছে না। পুলিশ এখন নিহতের পরিবার এবং মামলার বাদীর সঙ্গে যোগাযোগও করেন না।

নিহত ফারুকীর মেজো ছেলে আহমদ রেজা ফারুকী আলোকিত বাংলাদেশকে বলেন, হত্যার আগে তার বাবাকে মতাদর্শের বিরোধীরা মোবাইল ফোন ও ফেসবুকে হত্যার হুমকি দেয়। উগ্রপন্থীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা বদল হলে তারা শুধু ডেকে নিয়ে তথ্য নেয়। কিন্তু হত্যাকারীদের গ্রেফতারে তারা কোনো আশ্বাস দিতে পারেনি। তিনি আরও বলেন, ব্লগার,  লেখক ও প্রকাশকসহ বিভিন্ন হত্যাকান্ডে জড়িত অপরাধী ও খুনি ধরা পড়ে। কিন্তু আমার বাবার খুনিরাই ধরা পড়ে না। কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবে খুনিরা ধরা পড়ছে না। এ জন্য আমরা হতাশ। তদন্তে কী হচ্ছে, না হচ্ছে জানি না। আমরা এ হত্যাকান্ডে জড়িতদের ধরে আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ঘটনার সময় দেশে ছিলেন না জানিয়ে আহমেদ রেজা বলেন, ‘পুলিশ মামলার এজাহার লিখে এনে আমার ছোট ভাই ফয়সাল ফারুকীর স্বাক্ষর নিয়ে যায়। পরে আমরা জানতে পারি, মামলাটি ডাকাতি মামলা করা হয়েছে।’

আগস্ট ২৭, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি