সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভাইকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন


ভাইকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
তাবিজ ও জাদুটোনা করে ক্ষতি সাধনের সন্দেহে ছোট ভাইকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়েছে বড় ভাই, ভাইপো ও তার পরিবারের সদস্যরা। এ সময় জোরপূর্বক তাকে বড় ভাইয়ের স্ত্রীর মলমূত্র খাওয়ানো হয়। এ নির্যাতনের চিত্র স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করে পরে তা ফেসবুকে ছড়িয়ে দিলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয় এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ফেসবুকে। ভিডিওটি ছড়িয়ে পড়ে মোবাইল থেকে মোবাইলে। ঘটনাটি ঘটেছে বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামে বৃহস্পতিবার দুপুর আড়াইটায়। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী ইউনুস বাদী হয়ে তার বড় ভাই এবং ভাতিজাকে আসামি করে বামনা থানায় একটি মামলা করেন। শনিবার এলাকাবাসীর সহায়তায় পুলিশ মামলার প্রধান আসামি সোহাগকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। গতকাল মামলার অপর আসামি সোহাগের পিতা আদালতে জামিন আবেদন করলে বিচারক জমিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মৃত আদম আলী মল্লিকের ছেলে মো. ইউনুস (৩৫) এলাকায় একজন মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিত। আপন বড় ভাই মো. ইসমাইলের সঙ্গে তার পারিবারিক দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার বড় ভাই মো. ইসমাইল (৪৪) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫) ও ছেলে সোহাগ (২২) জাদু টোনার মাধ্যমে ক্ষতিসাধনের অভিযোগ এনে ইউনুসকে তার মা ও শিশু সন্তানদের সামনে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে প্রথমে বেদম প্রহার করে। এর পরে বোতলে পারুল বেগমের মলমূত্র ভরে তাকে জোরপূর্বক খাওয়ায় পিতাপুত্র। এতে ইউনুস গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে। ঘটনার সময় ইউনুসের মা রাজিয়া বেগম (৬৫) কে একটি ঘরে আটকে রাখে সোহাগ। এ সময় বাবাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে গেলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ইউনুসের মেয়ে রুপালীও আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বামনা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে নির্যাতনকারীরা। তবে নির্যাতনকারী ইসমাইলের ছেলে সোহাগকে পালিয়ে যাওয়ার সময় পূর্ব সফিপুর এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে ক্ষুব্ধ এলাকাবাসী।
এ বিষয়ে বামনা থানার ওসি মো. সাহাবুদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। সোহাগকে গ্রেপ্তার করে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি ইসমাইল জামিন আবেদন করলে বিচারক জমিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

২৮ আগস্ট ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি