
পূর্বাশা ডেস্ক:
চলন্ত গাড়িতে কিংবা অ্যাম্বুলেন্সে এর আগে সন্তান জন্ম দেয়ার ঘটনা ঘটেছে। তাই বলে রাস্তায়? খোলা জায়গায়? এমনই ঘটনা ঘটেছে ভারতে। তবে ইচ্ছাকৃত নং, প্রকাশ্য দিবালোকে উন্মুক্ত রাস্তায় সন্তান জন্ম দিতে বাধ্য করা হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের সারাইকেলা-খারসাওয়ান জেলার ১৭ বছর বয়সী এক কিশোরীকে।
ওই কিশোরীর অপরাধ—তিনি বিয়ের আগেই গর্ভধারণ করেছেন। এই ‘অপরাধে’ পরিবার তো তার পাশে ছিলই না, স্থানীয় স্বাস্থ্যকর্মীরাও তাকে কোনো সেবা দিতে রাজি হয়নি।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কিশোরীর ছদ্ম নাম প্রিয়া। স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সঙ্গে জড়ায় সে। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রিয়া। এই খবর জানার পর তাকে ছেড়ে যায় ওই প্রেমিক। অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সমাজে লজ্জিত হতে হবে, তাই প্রিয়ার পরিবারও তাকে পরিত্যাগ করে।
বাড়ি থেকে বের করে দেওয়া হয় প্রিয়াকে। ফলে রাস্তায় থাকতে বাধ্য হয় সে। স্থানীয়রা জানায়, রাস্তার ধারেই পুরো চার মাস কাটায় প্রিয়া। গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে প্রসববেদনা ওঠে তার। এ সময় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র চান্দিল সাবডিভিশন হাসপাতালে গিয়ে সাহায্য চায় প্রিয়া। কিন্তু যেহেতু তার সঙ্গে কোনো অভিভাবক ছিল না, তাই প্রিয়ার কোনো দায়িত্ব নিতে রাজি হননি হাসপাতালটির স্বাস্থ্যকর্মীরা।
পরের দিন অর্থাৎ ২২ আগস্ট ভোর ৫টার দিকে ওই হাসপাতাল থেকে মাত্র ৩০ মিটার দূরত্বে রাস্তার ওপরই একটি কন্যা সন্তান জন্ম দেয় প্রিয়া। সেই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন ওম প্রকাশ শর্মা (৫০) নামের এক ব্যক্তি। তিনি জানান, সেই সময় রক্তে মাখামাখি হয়ে ছিল প্রিয়া ও তার সন্তান। এমনকি মা-মেয়ের মধ্যে নাভিরজ্জু বা নাড়িটিও যুক্ত ছিল।
ওম প্রকাশ শর্মা বলেন, ‘মা ও শিশুটি রাস্তার ওপর ব্যথায় কাতরাচ্ছিল। আমি দ্রুত তাদের চারপাশে ইট দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করি। যাতে কোনো দ্রুতগামী যান এসে তাদের আঘাত করতে না পারে। সেই সময় এক ব্যক্তি দ্রুত ওই হাসপাতালে মা-মেয়ের জন্য সাহায্য চাইতে যান। কিন্তু তারা সাহায্য করতে অস্বীকৃতি জানায়। পরে আমরা পুলিশে খবর দেই।’
সেই সময় ওই হাসপাতালের চিকিৎসক ড. লাখিন্দ্রা প্রিয়া ও তার শিশু সন্তানের নাড়ি কাটেন। এরপর একটি অটোরিকশা ডেকে প্রিয়া ও তার মেয়েকে আরেকটি হাসপাতালে নিয়ে যান ওম প্রকাশ শর্মা।
এদিকে, চিকিৎসাসেবা না দেওয়ার বিষয়ে চান্দিল সাব ডিভিশন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. ললিতা কাশ্যপ বলেন, ‘যা হয়েছে তা খুবই ভুল এবং দুঃখজনক। হাসপাতালে সেই সময় মাত্র দুজন নার্স ছিলেন। যখন প্রিয়ার খবর পান তখন তাঁরা হাসপাতালে আরেক নারীর যমজ সন্তান প্রসব নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে বিষয়টি নিয়ে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে এখন ওই মা ও শিশু ভালো আছে। আমরা প্রিয়ার পরিবারকে জানিয়েছি। আশা করছি তার যা প্রয়োজন সেটা সে পাবে।’
প্রিয়া ও তার সদ্যোজাত সন্তান এখন ভালো আছে। এই মুহূর্তে মা-মেয়েকে ঝাড়খণ্ড নারীদের জন্য তৈরি রাজ্য সরকারের আশ্রয়কেন্দ্র মহিলা সুরক্ষা গৃহে রাখা হয়েছে।
২০১৭/রুমকী

















































