রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বাবা মারা গেছেন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

১৯৭১-এ স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের কিংবদন্তি কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মারা গেছেন। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত চারদিন ধরেই তার অবস্থা সংকটাপন্ন ছিল। যদিও গতকাল চিকিৎসকরা আশার আলো দেখিয়ে জানিয়েছিলেন এই শিল্পীর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। সে অবস্থায় কণ্ঠশিল্পী আব্দুল জব্বার ছেলে মিথুন জব্বারের সঙ্গে কথাও বলেন।

মিথুন জব্বার বলেন, ‘গতকাল বাবার সঙ্গে আমি কথা বলি। তখন বাবা আমাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়েছেন। তিনি আমাকে বলেন, আমি হারব না। আমি যুদ্ধ করে যাব। আমার জন্য দোয়া করো।’

তিনি আরও বলেন, ‘বাবা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে করতেই মারা গেছেন। তিনি আজ চলে গেলেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি- তিনি যেন জান্নাতবাসী হন।’

আব্দুল জব্বারের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ভূতের গলির নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তার মৃতদেহ বারডেমের হিমঘরে রাখা হবে বলে জানান ছেলে মিথুন জব্বার।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ মিনারে এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

আগস্ট ৩০, ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি