
পূর্বাশা ডেস্ক:
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে সেদেশে ফেরত নেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্যদিকে, স্টেট কাউন্সিলর সুচির দাবি, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথেই হাঁটছে তার সরকার।
এদিকে, হোয়াইট হাউজ বলছে- মিয়ানমার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। যদিও বিশ্বব্যাপী নিন্দার মধ্যেও মিয়ানমারের কাছে ১০০টি ট্যাংক ও নৌকাসহ বিভিন্ন অস্ত্র বিক্রি করছে ইসরায়েল।
প্রশ্ন উঠছে, পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত নেবে কি না। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবশ্য স্রেফ জানিয়ে দিয়েছেন, নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে পালিয়ে আসা কাউকে ফেরত নেয়া হবে না। মিয়ানমারে ফেরত আসতে হলে, পালিয়ে যাওয়াদের প্রমাণ করতে হবে তারা মিয়ানমারের নাগরিক ছিলেন। প্রমাণ করতে হবে তারা কতদিন ধরে এখানে বসবাস করছেন। সেটি করতে ব্যর্থ হলে তাদের ফেরত নেয়া হবে না। এছাড়া আনান কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে কাজ করছে সরকার। তবে ১৯৮২ সালের নাগরিকত্ব আইন সংশোধনের যে সুপারিশ ছিলো সে বিষয়ে সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। রাখাইন রাজ্যে সামরিক শাসন জারি করার সিদ্ধান্ত এখনও হয়নি। বিদ্যমান ব্যবস্থায় সমস্যা সমাধান করবে সরকার।
আর মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি ভারতীয় গণমাধ্যমকে জানান, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ করছে তার সরকার।
সুচি বলেন, রোহিঙ্গারা আমাদের নাগরিক না হলেও, মিয়ানমারের সব বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা কর্তব্য। তাই আনান কমিশনের সুপারিশ ধীরে ধীরে বাস্তবায়ন করছে সরকার।
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেবে তার দেশ।
রাখাইন রাজ্যে যা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আশা করব, পরিস্থিতি উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন অং সাং সুচি। বৃটেনের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য অর্থ সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোহিঙ্গাদের ওপর চলমান ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে ইরানের স্পিকার আলী লারিজানি বলেছেন, রাখাইনে বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট চলছে। এছাড়া কুয়েতের সংসদ সদস্য আব্দুল্লাহ ফাহাদ এল এনেজি মিয়ানমারের সাথে তার দেশের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। কুয়েত সিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরব ও মুসলিম দেশগুলোকে রোহিঙ্গাদের ওপর ধ্বংসজ্ঞ বন্ধে মিয়ানমারের ওপর কঠিন চাপ প্রয়োগ করতে হবে।
তুরস্কের উপ প্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোয়ান রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ খুঁজতে মুসলিম বিশ্বের নেতাদের সাথে কথা বলছেন। এরইমধ্যে তুরস্কের মানবিক সহায়তার প্রথম চালান রাখাইন রাজ্যে পৌঁছেছে।
গেলো ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে রোহিঙ্গা নির্যাতন। পুড়িয়ে দেয়া হচ্ছে ঘরবাড়ি, হত্যা করা হচ্ছে নিরীহ মানুষদের। প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে এরই মধ্যে বাংলাদেশে ঢুকেছে কয়েক লাখ রোহিঙ্গা। চলমান সংকট অব্যাহত থাকলে এই সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ।
৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী























































