
পূর্বাশা ডেস্ক:
একটি পরিচিত সবজি বরবটি। এটি শরীরের জন্য বেশ উপকারী। প্রতি ১০০ গ্রাম সবুজ বা বেগুনি রঙের বরবটিতে রয়েছে ৪৮ ক্যালরি শক্তি, ১০ গ্রাম শর্করা এবং ২.৬ গ্রাম প্রোটিন। এতে কোনো ফ্যাট এবং ক্ষতিকর কোলেস্টেরল নেই। এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাসসহ নানারকম ভিটামিন ও মিনারেল।
বরবটিতে আছে প্রচুর উপকারী আঁশ, যা শরীরের এলডিএল (ক্ষতিকর) কলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়াও এটি উচ্চরক্তচাপ, বুক জ্বালাপোড়া প্রভৃতি সমস্যা দূর করতেও ভূমিকা রাখে এটি। ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে। বরবটিতে রয়েছে ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ক্যান্সার কোষ বৃদ্ধি রোধ করতে চমৎকার কাজ করে। বরবটিতে রয়েছে সিলিকন, যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। এছাড়া হাড় শক্ত করতে প্রয়োজনীয় ক্যালসিয়ামও পাওয়া যায় বরবটির বীজে।
বরবটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীর থেকে দূষিত যৌগগুলোকে বের করে দেয়। ফলে সহজে শরীরে চর্বি জমতে দেয় না। এছাড়া কম ক্যালরিযুক্ত খাদ্য ও ফ্যাট-কোলেস্টেরল না থাকায় এটি পেট ভরে খাওয়া যায়।
৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী

























































