
পূর্বাশা ডেস্ক:
মুসলিম দেশগুলোর জোট ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্মেলনে যোগ দিতে শনিবার (৯ সেপ্টেম্বর) কাজাখস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
শনিবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি কাজাখস্তানের রাজধানী আস্তানার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন। খবর বিডিনিউজের।
প্রেস সচিব বলেন, ‘ওআইসি আশা করছে, প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ওআইসির ২০টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সায়েন্স টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড মর্ডানাইজেশন অব ইসলামিক ওয়ার্ল্ড’।’
আস্তানার ‘প্যালেস অব ইনডিপেন্ডেন্স’ এ অনুষ্ঠেয় এ সম্মেলনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এর বাইরে একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
রাষ্ট্রপতির নেতৃত্বে প্রতিনিধি দলে বঙ্গভবন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনার পর ১০ বছরমেয়াদি কর্মপরিকল্পনা ‘ওআইসি এসটিআই এজেন্ডা-২০২৬’ ঘোষণা করা হবে। ওআইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওআইসি আশা করছে, অনুষ্ঠেয় এ সম্মেলনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের আধুনিকায়নে মুসলিম উম্মাহর বাস্তবমুখী ভূমিকার সূচনা করবে।
ওআইসি আরও আশা করছে, এ সম্মেলন বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নত দেশগুলোর সঙ্গে এবং মুসলিম বিশ্বের মধ্যকার পার্থক্য দূর করতে ভূমিকা রাখবে। একইসঙ্গে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতির নীতিকে আরও শক্তিশালী করবে। প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সম্মেলন শেষে ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
৮ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী























































