সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিস্তা চুক্তি জরুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নদীমাতৃক বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোয় উজানের পানি, পাহাড়ি ঢল, অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের তিস্তা, যমুনা, পদ্মা, সুরমা, কুশিয়ারাসহ বড় বড় নদীর পানি বিপদসীমার সর্বোচ্চ ওপর দিয়ে প্রবাহিত হয়ে ডুবিয়ে দিয়েছিল দেশের অনেক এলাকা। স্রোতের তোড়ে ভেঙে গেছে মানুষের বসতবাড়ি, ভেসে গেছে গৃহপালিত পশু, গৃহস্থালির তৈজসপত্র, এমনকি বানের জলে ডুবে বিনষ্ট হয়েছে লাখ লাখ হেক্টর ফসলি জমির ধান ও সবজি।

ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে, বন্যার পানিতে ভেসে ঝরে গেছে ৯৩টি তরতাজা প্রাণ। প্রশ্ন হলো, এ বন্যার জন্য দায়ী কি শুধু অতিবৃষ্টি, নাকি ভারত কর্তৃক নদীশাসন করা বাঁধগুলোও। অনেকের মতে, ফারাক্কাসহ তিস্তার গেটগুলো খুলে দেয়ার জন্যই দেশের এ বন্যা পরিস্থিতি। বন্ধুরাষ্ট্র ভারত শুকনো মৌসুমে পানি আটকে যেমন আমাদের মারছে, তেমনি বন্যার হাত থেকে নিজেদের বাঁচাতে গেট খুলে দিয়ে আবার পানিতে ডুবিয়েও মারছে। বলে রাখা ভালো, বাংলাদেশে যে ৫৪টি আন্তর্জাতিক নদী রয়েছে, তার সব ক’টিই দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করেছে আমাদের ভূখন্ডে। মাস দুয়েক আগে বিশ্ব জলবায়ু পরিবর্তনজনিত কারণে হাওরের অকাল বন্যার ধকল আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। পারিনি সর্বস্বহারা মানুষকে পুনর্বাসন করতে, যা অমানবিক ও দুর্ভাগ্যজনক।

এশিয়ার অন্যতম অর্থনীতির দেশ ভারত আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান প্রণিধানযোগ্য। তাছাড়া বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বাংলাদেশ ভৌগোলিকভাবে খুবই গুরত্ব¡পূর্ণ। সেজন্য অংশীদারিত্বের ক্ষেত্রে শুধু এশিয়া নয়, বরং উন্নত দেশগুলোরও নজর রয়েছে বাংলাদেশের ওপর। বর্তমান মহাজোট সরকার গঙ্গার পানি বণ্টন চুক্তি করেছিল। যদিও চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যা আমরা পাচ্ছি না। এছাড়া তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চল দিন দিন মরুভূমিতে পরিণত হচ্ছে, মঙ্গাপীড়িত জনগোষ্ঠী দারিদ্র্যের জাঁতাকলে হচ্ছে পিষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২০১১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে এসেছিলেন। তখন চুক্তির বিষয়ে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশের জনগণ। সেই সফরে সফরসঙ্গী হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিরও। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময়ও আবার আশা দেখেছিল এদেশের জনগণ। কিন্তু তখনও শুধু চুক্তি বিষয়ে আশ্বাস পেয়েছিল বাংলাদেশ। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে মিলেছে শুধুই আশ্বাস। অবশ্য বর্তমান বিজেপি সরকার বাংলাদেশের সঙ্গে অনেক অমীমাংসিত ইস্যুর নিষ্পত্তি করেছে। যেমন স্থল সীমানা চুক্তি, ছিটমহল বিনিময় চুক্তি ও সমুদ্রসীমা নির্ধারণ।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে প্রকাশিত হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা ব্যানার্জির বৈঠকে মমতাহীন মমতা তিস্তার বিপরীতে বিকল্প মমতা দেখিয়েছেন। সেই মমতায় সততা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কেননা তিস্তার বিকল্প অন্য কোনো নদী দিয়ে পূরণ হওয়ার নয়। তিনি বলেছেন, তিস্তায় তো পানিই নেই। তাছাড়া তিস্তার পানি দিলে আমাদের সেচ ও খাবার পানির সংকট দেখা দেবে। মমতার বিকল্প কথায় প্রতীয়মান হয় যে, তিস্তা চুক্তি নিয়ে তার কোনো সদিচ্ছা নেই। সুতরাং এ চুক্তি আদৌ হবে কিনা সংশয় দেখা দিয়েছে। তিনি এও বলেছেন, আপনাদের তো পানি চাই, তাহলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে (তোরষা, ধানসিড়ি, ধরলা) যে নদীগুলো ঢুকেছে সেগুলোর পানি বণ্টনে উভয় দেশের জরিপ কার্যক্রম চালিয়ে নিষ্পত্তি করতে আমার কোনো আপত্তি নেই। প্রশ্ন হলো, যে কয়েকটি নদীর কথা তিনি বলেছেন সেগুলোর ওপর তো কোনো বাঁধই নেই। তবে বণ্টনের কথা আসছে কেন? আসলে মমতা বিকল্প কথা বলে এক ধরনের ধোঁকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরিতাপের বিষয়, শুষ্ক মৌসুমে আমাদের যখন পানির দরকার, তখন তারা বাঁধ দিয়ে পানি আটকে নিজেদের কাজে লাগায়। আবার বর্ষা মৌসুমে যখন তারা বন্যাকবলিত হয়, তখন বাঁধ খুলে দিয়ে নিজেদের বাঁচিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়।

যা হোক, প্রধানমন্ত্রী গেল এপ্রিলে ভারত সফরে গিয়ে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এটি দুই দেশের অংশীদারিত্ব ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নিঃসন্দেহে মাইলফলক তা বলাই বাহুল্য। এই সফর শতভাগ সফল হতো যদি গণমানুষের কাক্সিক্ষত তিস্তা চুক্তি সম্পন্ন হতো। তা না হওয়ায় এই সফরের সার্থকতা মলিন হয়ে পড়েছে। ইচ্ছে করলে ভারতীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক ক্ষমতা বলে মমতার আপত্তি সত্ত্বেও চুক্তি করতে পারেন। অবশ্য এতে তার উদারতা প্রশ্নবিদ্ধ। তিনি হয়তো বাংলাদেশকে সুবিধা দিয়ে নিজে অসুবিধায় পড়তে চান না। তিনি বলেছেন, বাংলাদেশকে পশ্চিমবঙ্গ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হবে। কিন্তু পানির বিকল্প তো বিদ্যুৎ নয়।

প্রয়োজনে তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের যৌক্তিক দাবি আদায়ে জনমত গঠন করতে হবে। আর এর মোক্ষম সময় হলো বর্তমানে ভারতের অনৈতিকভাবে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেয়ার ঘটনা বিশ্ব মহলে তুলে ধরা। এক্ষেত্রে লবিস্ট নিয়োগ করা যেতে পারে, মিডিয়াও রাখতে পারে অনবদ্য অবদান। তবে আশার কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ়তার সঙ্গে বলেছেন, আগামী ১ বছরের মধ্যে চুক্তি সম্পন্ন হবে। আমরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তার আশ্বাসে আস্থা রাখতে চাই। তবে যদি শেষ অবধি চুক্তি না হয়, তবে সব চুক্তিই হবে অর্থহীন। সুতরাং বাংলাদেশকে তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের ওপর অব্যাহত চাপ রাখতে পারলেই শুধু সম্ভব কাক্সিক্ষত তিস্তা চুক্তি আর মিলবে অর্থনৈতিক ও মানুষের মুক্তি।

সেপ্টেম্বর ৯, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি