
পূর্বাশা ডেস্ক:
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ও সেনাচৌকিতে হামলা চালায় বলে অভিযোগ মিয়ানমার সরকারের।
শনিবার (৯ সেপ্টেম্বর) আরসা সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে।
কাতারভিত্তিক টিভি চ্যানেল আল–জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলোকে কাজ করতে সুযোগ দেওয়ার জন্য রোববার (১০ সেপ্টেম্বর) থেকে আরসা এক মাসের অস্ত্রবিরতির ঘোষণা দেয়।
আরসা অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিও অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ত্রাণ পৌঁছে যাওয়ার সুযোগ করে দেওয়ারও আহ্বান জানায়।
সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও পরিকল্পিত দমন অভিযানে গত দুই সপ্তাহে বাংলাদেশে প্রায় ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা ঢুকেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। রাখাইন থেকে বেঁচে আসা রোহিঙ্গারা বলছেন, নারী, শিশু, বৃদ্ধ—কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এই রক্তপাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক শক্তি ও সরকারের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।
১০ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী






















































