সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীকে ভারত-চীনের সঙ্গে আলোচনার তাগিদ ফখরুলের


প্রধানমন্ত্রীকে ভারত-চীনের সঙ্গে আলোচনার তাগিদ ফখরুলের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ও চীনের সঙ্গে নিবিড় আলোচনার তাগিদ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রয়োজনে প্রধানমন্ত্রীকেই বিভিন্ন দেশগুলোতে সফরে যেতে হবে।’

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হল রুমে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে। প্রয়োজনে প্রধানমন্ত্রীকেই বিভিন্ন দেশগুলোতে সফরে যেতে হবে। আজকে ভারত ও চীনের কথা বলা হচ্ছে- বারবার। তারা মিয়ানমার সরকারকে সমর্থন দিচ্ছে। তাদের কাছেও যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এটার জন্য আমাদের কী ভয়াবহ পরিণতি আসছে।’

তিনি বলেন, ‘সরকারকে কূটনৈতিক প্রক্রিয়া গ্রহণ করতে হবে দ্রুততার সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য। মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ঠিক হবে না।’

আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা ইস্যুতে কার্যকর ব্যবস্থা না নিয়ে তারা ভয় পাচ্ছে। তারা বলে যাচ্ছে, রোহিঙ্গাদের সঙ্গে অস্ত্র ও জঙ্গি আসছে, যা আমাদেরকেও উৎকণ্ঠিত এবং আতঙ্কিত করছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির মহাসচিব।

আগামী সাধারণ নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মতো আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, যে সরকার নির্বাচনকালীন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। এ ছাড়া নির্বাচন কমিশনও নিরপেক্ষ হতে হবে।’

সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য (এমপি) রওশন আরা ফরিদ, চট্টগ্রাম জেলা মহিলা দলের সভাপতি জেলী চৌধুরী এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রহিমা শরীফ মায়া প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

১০ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি