
পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা কি তারা ভুলে গেছে! এ প্রশ্নটি সামনে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বুধবারের মিয়ানমার সফরের পর। ওই সফরে তিনি রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিষ্পেষণের পক্ষে অং সান সুচির পক্ষ অবলম্বন করেছেন। ওই সফরে তিনি রাখাইনে নিরাপত্তা রক্ষাকারীদের বিরুদ্ধে সহিংসতার উদ্বেগ জানিয়েছেন। রাখাইন রাজ্যে ‘এক্সট্রিমিস্ট ভায়োলেন্স’ বা উগ্রপন্থি সহিংসতার বিষয়ে মিয়ানমারের উদ্বেগ ভাগাভাগি করে নিয়েছেন নরেন্দ্র মোদি। কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী যে নিষ্ঠুরতা, মানবাধিকার লঙ্ঘন করছে, গণধর্ষণ করছে, নগ্ন করে হত্যা করে হাত-পা কেটে যুবতীদের লাশ ফেলে রাখছে রাস্তায়, গলা কেটে হত্যা করছে যুবকদের, গুলি করে হত্যা করছে সাধারণ মানুষকে, ঘরের ভিতর মানুষ রেখে আগুন ধরিয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে গ্রামের পর গ্রাম- এসব নরেন্দ্র মোদিকে স্পর্শ করেনি।
তিনি রোহিঙ্গা উগ্রপন্থিদের বিরুদ্ধে উদ্বেগ নিন্দা জানিয়েছেন। কিন্তু সেনাবাহিনী, কট্টর বৌদ্ধদের হাতে মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে একটি কথাও বলেননি। এ নিয়ে বাংলাদেশের মাথাব্যথার কারণ রয়েছে। আলটিমেটলি রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের চাপ অনাকাঙ্ক্ষিতভাবে এসে বর্তেছে বাংলাদেশের কাঁধে, যে বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সামরিক, বেসামরিক সব রকম সহযোগিতা দিয়ে ইতিহাসে অমর হয়ে আছে। উদোর পিণ্ডি যেমন বুদোর ঘাড়ে পড়ে, তেমনি রোহিঙ্গা সংকট এসে পড়েছে বাংলাদেশের কাঁধে। বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের দেশ, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যাকে প্রতিক্ষণ, প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে, সেই দেশের ওপর প্রায় তিন লাখ রোহিঙ্গার ভার এসে পড়েছে। এই ভার কি বাংলাদেশ বহনের ক্ষমতা রাখে? বাংলাদেশের ভূখণ্ড কি বিস্তৃত, অসীম? কোথায় এত বিপুল সংখ্যক রোহিঙ্গার স্থান সংকুলান করবে বাংলাদেশ? ধরে নেয়া যায়, রোহিঙ্গারা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন, তাদের সামনে এ ছাড়া কোনো বিকল্প ছিল না। তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতেই হবে মানুষ হিসেবে। কিন্তু ঝুঁকি রয়েছে
এই যে খরস্রোতা নদীর মতো রোহিঙ্গা প্রবেশ করছে, তার সঙ্গে তো উগ্রপন্থি এমনকি আন্তর্জাতিক চক্রের সঙ্গে সম্পর্ক আছে এমন জঙ্গির অনুপ্রবেশ হতে পারে। যদি সেটাই হয় তাহলে বাংলাদেশের জন্য নতুন করে সমস্যা সৃষ্টি হবে- এটা নিঃসন্দেহে বলা যায়। সরকার সন্ত্রাসী, জঙ্গিদের বিরুদ্ধে নিরন্তর লড়াই করে অনেকটা নিবৃত্ত করেছে তাদের। এর পর যদি সাধারণ রোহিঙ্গাদের ভিড়ে মিশে কোনো নতুন জঙ্গি প্রবেশ করে, তবে তা অমূলকও নয়। এর ফলে বাংলাদেশ শুধু যে রোহিঙ্গাদের নিয়ে মানবিক সমস্যায় পড়বে বা পড়ছে তা-ই নয়, একই সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসের নতুন ঝুঁকির মুখে পড়ারও সমুহ আশঙ্কা রয়েছে। বিশ্বের বাঘা বাঘা রাজনৈতিক, রাজনৈতিক বিশ্লেষক আভাস দিচ্ছেন, রাখাইন পরিস্থিতি এ অঞ্চলে অগ্নিকুণ্ডে রূপ নিতে পারে। সতর্ক করেছেন আর্চবিশপ এমিরিটাস ডেসমন্ড টুটু। তিনি টুইটারে অং সান সুচিকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছেন।
তিনি লিখেছেন, আপনার দেশে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের যে দুর্দশা তাতে ভীষণ দুঃখ প্রকাশ করতে আমার নীরবতা ভাঙতে বাধ্য হলাম। কেউ কেউ এটাকে বলছেন জাতি নির্মূল। কেউ বলছেন, ধীরগতিতে গণহত্যা। বর্তমানে এটা তীব্রতর হয়েছে। রোহিঙ্গা মুসলিমদের বেদনার চিত্র আমাদের বেদনাহত করে। যদি আপনার নীরবতা হয় মিয়ানমারের সর্বোচ্চ অফিস ধরে রাখার জন্য তাহলে অবশ্যই এর মূল্য হবে অনেক বেশি। হুঁশিয়ার করছে জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। তারা রোহিঙ্গাদের এ দুর্দশাকে ইংরেজিতে ‘হিউম্যানিটারিয়ান ক্যাটাস্ট্রোপ’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিক্ষোভে ফেটে পড়ছে এশিয়া। বৌদ্ধরাসহ সচেতন মানুষ রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ জানাতে। কিন্তু কিছুতেই ঘুম ভাঙছে না অং সান সুচির। এর কারণ হতে পারে দুটি। এক. তিনি সরকারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। সরকার চালাচ্ছে সেনাবাহিনী। তাই নিজেকে রক্ষা করতে তাকে সেনাবাহিনীর সঙ্গে সুর মিলাতে হচ্ছে। দুই. তিনি ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছেন। তাই তাকে বৃটিশ উপন্যাসিক সুফিয়া আহমেদ ‘জনপ্রিয় থেকে বিশ্বাসঘাতক হয়ে উঠেছেন’ বলে আখ্যায়িত করেছেন।
তিনি যে মানবাধিকারের জন্য সারা জীবন লড়াই করেছেন, পশ্চিমা বিশ্বে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন- তার সেই অর্জন ধুলোয় লুটিয়ে পড়েছে। তাকে এখন বেশির ভাগ মানুষ রাজনৈতিক ক্ষমতার ভিলেন হিসেবে দেখছেন। তাই প্রামাণ্য আকারে যুবতীকে ধর্ষণ করে শিরশ্ছেদ করা তার মৃতদেহ নগ্ন করে ফেলে রাখার চিত্র, গলা কেটে যুবক, কিশোরকে হত্যার দৃশ্য, শিশুকে গোলক নিক্ষেপের মতো করে দূরে পানিতে ছুড়ে দেয়ার ভিডিও, আগুনে জ্বলা বাড়িঘরের দৃশ্য তাকে স্পর্শ করে না। তিনি এসি রুমে বসে দূতিয়ালি করেন ভারত, চীন, রাশিয়া ও অন্য দেশগুলোর সঙ্গে। এর মধ্য দিয়ে তার রাজনৈতিক অবস্থান পোক্ত করতে চান। যে ভারত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অসীম সহায়তা করেছিল, প্রতিবেশী হিসেবে বন্ধু হয়ে আছে, তারা এখন বাংলাদেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে মিয়ানমারের সঙ্গে সুর মিলাচ্ছে। স্বাধীনতা যুদ্ধে তারা বাংলাদেশের বিপুলসংখ্যক শরণার্থীকে ঠাঁই দিয়েছিল, মানবিকতা দেখিয়েছিল।
এজন্য তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বাঙালি। কিন্তু এবার বাংলাদেশের ওপর যখন তিন লাখের মতো শরণার্থীর চাপ এসে ভর করেছে তখন তারা বাংলাদেশি বিরোধী অবস্থান নিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অং সান সুচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে অভিন্ন অবস্থান ব্যক্ত করলেন। আন্তর্জাতিক মিডিয়ায় খবরে সয়লাব। বলা হচ্ছে, বাংলাদেশে রোহিঙ্গাদের আগে থেকে যেসব শরণার্থী শিবির ছিল, সেগুলো কানায় কানায় পূর্ণ। তিল ধারণের স্থান নেই। তার মধ্যে এত বিপুলসংখ্যক রোহিঙ্গার স্থান সংকুলান নিয়ে বিপাকে সরকার। তাদের অনেকে বুলেটবিদ্ধ, অপুষ্টিতে ভুগছে, রোগাক্রান্ত, বার্ধক্যে উপনীত। এদেরকে তাৎক্ষণিক সেবা দিতে না পারলে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটবে সেখানে। অন্যদিকে মিয়ানমার এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা নাগরিক নয় এমন মানুষদের ফেরত নেবে না। অর্থাৎ রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয়। ফলে তাদের ফেরত নেয়া হবে না। যদি তা-ই না হয় তাহলে এত্ত রোহিঙ্গা যাবে কোথায়? বাংলাদেশ কি তাদের দায় বহনে বাধ্য? এছাড়া এসব রোহিঙ্গা যখন তাদের মৌলিক চাহিদা মেটাতে পারবে না, তখন বাধ্য হয়ে তারা বিপথে পা বাড়াবে। বাড়তে পারে চুরি, ডাকাতি, সন্ত্রাস। আর এর সঙ্গে যদি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আত্মগোপন করে থাকে তাহলে বাংলাদেশ যে ঝুঁকিতে থাকবে তার দায় কে নেবে?
এরই মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা দেশ রোহিঙ্গাদের সামাল দিতে অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তা হাতে পাওয়া পর্যন্ত কিভাবে রোহিঙ্গাদের চাহিদা পূরণ করা হবে? ওই সহায়তা দিয়ে কি তাদের সব চাহিদা পূরণ করা সম্ভব? গণিতে একটি কনসেপ্ট আছে। সেটা হলো ক্রিটিক্যাল বা স্টেশনারি পয়েন্ট। সেখান থেকে যেকোনো দিকে মোড় নিতে পারে ঘটনা। বাংলাদেশ কি এখন সেই অবস্থানে রোহিঙ্গাদের নিয়ে! এই বিপদের সময় ভারত কেন মিয়ানমারকে সমর্থন করছে? উত্তরটি খুব সহজ হতে পারে। এরই মধ্যে এশিয়া, বিশেষ করে দক্ষিণ-পূর্ব, দক্ষিণ এশিয়ায় বেশ প্রভাব বিস্তার করেছে চীন। মিয়ানমারের সঙ্গে তাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষ করে উপকূলীয় তেল গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ করেছে বা করতে চায় চীন। অবকাঠামো খাতে তাদের বিনিয়োগ রয়েছে। এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগ দীর্ঘদিনের।
তারা মনে করে, এর মধ্য দিয়ে ভারতকে টপকে চীন অগ্রসর হচ্ছে। তাই চীনের এই প্রভাবকে টক্কর দিতে মিয়ানমারকে খুব বেশি প্রয়োজন ভারতের। যদি তারা মিয়ানমারকে হাতে নিতে পারে তাহলে চীনকে অনেকাংশে ঘায়েল করা যেতে পারে। সম্ভবত এ কারণেই নরেন্দ্র মোদি মিয়ানমার সফরে গিয়ে সুচির সঙ্গে সুর মিলিয়েছেন। তার অতি ঘনিষ্ঠ, নিকট প্রতিবেশী বাংলাদেশের পরিণতির কথা হয়তো তখন বেমালুম ভুলেই গিয়েছিলেন তিনি আর না হয় নিজেদের স্বার্থের কথা চিন্তা করে বাংলাদেশের নাম মন থেকে উধাও করে দিয়েছিলেন ওই সময়ে।
১০ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী






















































