
পূর্বাশা ডেস্ক:
ক্রমাগত রোহিঙ্গা নির্যাতনের পরও মিয়ানমারের ঘোষিত সন্ত্রাসবাদ নির্মুলে মিয়ানমারের পাশে থাকার ঘোষণা দিয়েছে ভারতের মোদি সরকার। তবে এর পর থেকেই দেশের ভেতর ও বাইরে থেকে চাপে আছে ভারত। মোদি সরকারের অস্বস্তিও বেড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থী সমস্যা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তা না পারা যাচ্ছে হজম করতে, না পারা যাচ্ছে ঠেলে সরিয়ে দিয়ে চাপমুক্ত হতে। এ নিয়ে বিভিন্ন স্তরের চাপ কাটিয়ে সমাধানের পথ খোঁজাটাই এখন সাউথ ব্লকের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ছে।
সম্প্রতি নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলি ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে অনুরোধ জানিয়েছেন, বাংলাদেশে বসবাসকারী সাড়ে ছ’লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরানোর জন্য সক্রিয় হোক ভারত। মোয়াজ্জেমের কথায়, ‘‘মিয়ানমারের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। আমরা সবাই বিমস্টেক গোষ্ঠীভুক্ত। তাই ভারতের জোর দিয়ে মায়ানমারকে বলা উচিত সে দেশে এমন পরিস্থিতি তৈরি করতে যাতে এঁরা নিজেদের দেশে ফিরতে পারেন।’’
এদিকে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার জায়েদ রাদ আল হুসেন রোহিঙ্গা ইস্যুতে ভারতের নীতিগত অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। এই সমালোচনা নিঃসন্দেহে দিল্লির অস্বস্তি বাড়িয়েছে। পাশাপাশি সন্ত্রাস প্রশ্নে আগাগোড়া ভারতের পাশে দাঁড়ানো বাংলাদেশের হাসিনা সরকারও ক্রমাগত চাপ বাড়াচ্ছে।
জাতিসংঘের নিন্দার জবাবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে,‘‘অন্য অনেক দেশের মতো ভারতও অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বিগ্ন। বিশেষত সেই অনুপ্রবেশকারীরা যদি জাতীয় নিরাপত্তার প্রশ্নে কাঁটা হয়ে দাঁড়ান। কিন্তু মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনারের বক্তব্যে আমরা বিস্মিত।’’
এদিকে রোহিঙ্গাদের নিয়ে ভারতের গোয়েন্দাদের প্রতিবেদনে ভারতের অস্বস্তি আরো বেড়েছে। ভারতে বসবাস করছে ৪০ হাজার রোহিঙ্গা। দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ, এই রোহিঙ্গা গোষ্ঠী জম্মু ও কাশ্মীরে ছড়িয়ে পড়ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-র সঙ্গে সরাসরি যোগ রয়েছে লস্কর ই তইবা, জইশ ই মহম্মদ এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর। কাশ্মীরের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা জনজাতির আধিক্য উপত্যকায় বাড়াটা একেবারেই কাম্য নয়। বিনা জঙ্গি অনুপ্রবেশেই পাকিস্তান এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে কাশ্মীরে কলকাঠি নাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সে দেশের নেত্রী ও সরকারের পরামর্শদাতা আউং সান সু চি-র সঙ্গে কথা বলেছেন। কিন্তু , রোহিঙ্গা প্রশ্নে এতটুকুও আপস করার জায়গায় নেই সু চি। বিশেষ করে আরসা জঙ্গিরা রাখাইন প্রদেশে ৩০টি পুলিশ চৌকি ও একটি সেনা ছাউনিতে আক্রমণ করার পরে পরিস্থিতি প্রবল অগ্নিগর্ভ। আমেরিকা এ নিয়ে আজ মিয়ানমারের সমালোচনা করলেও সু চি সরকারের পাশে দাঁড়িয়েছে চিন। ফলে বিষয়টি নিয়ে ভারতের অস্বস্তি আরও বেড়েছে।
রাখাইন প্রদেশের আর্থ সামাজিক উন্নতির জন্য নয়াদিল্লি পদক্ষেপ করবে বলে মায়ানমার নেতৃত্বকে জানানো হয়েছে। সেখানে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে অর্থ ব্যয় করে পরিস্থিতিকে প্রশমিত করা এবং রোহিঙ্গা প্রশ্নে ভারতের ‘মানবিক মুখ’কে তুলে ধরাটাই লক্ষ্য দিল্লির। সেইসঙ্গে ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের সেখানে পুর্নবাসনের চেষ্টাও এরপরে করা হবে। কিন্তু সেই আশা দুরাশা বলে ধারণা ভারতের বিশেষজ্ঞদের একাংশের।
১৩ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী






















































