
পূর্বাশা ডেস্ক:
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন ‘নিসর্গসখা’ লেখক দ্বিজেন শর্মা। তার বয়স হয়েছিল ৮৮ বছর ৷
দ্বিজেন শর্মা বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গুরুতর অসুস্থ হয়ে পড়লে বারডেম হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেদিন সন্ধ্যায় শুরু হয় কিডনি ডায়ালাইসিস। ডায়ালাইসিস চলাকালীন তার মৃত্যু হয়।
দ্বিজেন শর্মার মেয়ে শ্রেয়সী শর্মা লন্ডন থেকে দেশে ফিরলেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
দ্বিজেন শর্মার জন্ম ১৯২৯ সালের ২৯ মে, তৎকালীন সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে।
কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন দ্বিজেন শর্মা। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হিসেবে করিমগঞ্জ কলেজ, বি এম কলেজ ও নটর ডেম কলেজে চাকরি করেন।
দ্বিজেন শর্মা ছিলেন প্রকৃতিপ্রেমিক। প্রকৃতিই ছিল তার ধ্যান-জ্ঞান। প্রকৃতি নিয়ে প্রচুর লেখালেখি করেছেন তিনি। বিজ্ঞান, শিশুসাহিত্যসহ অন্য বিষয়েও সমানে লিখেছেন তিনি।
দ্বিজেন শর্মা রাজধানীর বিভিন্ন জায়গায় নানা প্রজাতির গাছ লাগিয়েছেন, তৈরি করেছেন উদ্যান ও বাগান। গাছের পরিচর্যা ও সংরক্ষণ এবং প্রকৃতিবান্ধব শহর গড়ার জন্য আজীবন প্রচার চালিয়ে গেছেন।
এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আমি একদিন থাকব না, কিন্তু গাছগুলো থাকবে। মানুষকে অক্সিজেন বিলাবে। জীবনে এর চেয়ে আনন্দ আর কিছুতে নেই।’
উদ্ভিদ ও প্রকৃতি নিয়ে তার লেখা ‘শ্যামলী নিসর্গ’কে বিবেচনা করা হয় আকরগ্রন্থ হিসেবে। তার বইয়ে গাছ, ফুল বা ফলের বর্ণনায় ফিরে ফিরে এসেছে ময়মনসিংহ গীতিকা, জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, সিলেটের লোকগীতি কিংবা মধ্যযুগের কাব্যগাথা।
তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে- ‘সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস’, ‘ফুলগুলি যেন কথা’, ‘গাছের কথা ফুলের কথা’, ‘এমি নামের দুরন্ত মেয়েটি’, ‘নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা’, ‘সমাজতন্ত্রে বসবাস’, ‘জীবনের শেষ নেই’, ‘বিজ্ঞান ও শিক্ষা: দায়বদ্ধতার নিরিখ’, ‘ডারউইন ও প্রজাতির উৎপত্তি’, ‘বিগল যাত্রীর ভ্রমণ কথা’, ‘গহন কোন বনের ধারে’, ‘হিমালয়ের উদ্ভিদরাজ্যে ডালটন হুকার’, ‘বাংলার বৃক্ষ’।
প্রকৃতিবিদ, বিজ্ঞানলেখক, শিক্ষক দ্বিজেন শর্মা তার কাজের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
২০১৭/রুমকী























































