সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিলামের আকর্ষণ আজ মোস্তাফিজ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০১৭


পূর্বাশা ডেস্ক:
ঢাকার হোটেল রেডিসনের গ্র্যান্ড বলরুমে আজ অনুষ্ঠিত হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড় নিলাম। সাতটি ফ্র্যাঞ্চাইজিকে প্লেয়ার্স ড্রাফট থেকে কমপক্ষে সাতজন দেশি ক্রিকেটার এবং দুইজন বিদেশি ক্রিকেটার দলে নিতে হবে।

সংশ্লিষ্ট সবার ধারণা, দেশের ক্রিকেটারদের মধ্যে সবার চোখ থাকবে তরুণ বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের দিকে। এছাড়া ব্যাটসম্যান হিসেবে শাহরিয়ার নাফিস, জহুরুল ইসলাম, হাসানুজ্জামানদের দলে ভেড়াতে চাইবে দলগুলো। নজর থাকবে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর দিকেও।

বিপিএলে এবারই প্রথমবারের মতো বরিশাল বুলসের হয়ে আইকন হয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু এবারের আসর থেকে বরিশাল বুলস বাদ পড়ায় আর আইকন থাকা হয়নি মোস্তাফিজের। প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়েই নির্ধারিত হবে এ আসরে তার দল। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র মোস্তাফিজই রয়েছেন এ+ ক্যাটাগরিতে। তার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ডলার। বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখা এ বোলার যে সব ফ্র্যাঞ্চাইজিরই চাহিদার প্রধান তারকা হবেন, তাতে সন্দেহ নেই।

বোলার হিসেবে মোস্তাফিজের পাশাপাশি আবদুর রাজ্জাক, আরাফাত সানি, আবু হায়দার রনি, আবুল হাসান রাজুরাও থাকবেন ফ্র্যাঞ্চাইজদের নজরে।

বরিশাল বুলস বাদ পড়ায় প্লেয়ার্স ড্রাফটে আছেন শাহরিয়ার নাফীস। ব্যাটসম্যানদের মধ্যে শাহরিয়ার নাফীসের চাহিদা থাকবে ভালো। সাম্প্রতিক সময়ে হাই পারফরম্যান্স দলের হয়ে অসাধারণ পারফর্ম করছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া হার্ডহিটার হাসানুজ্জামানকেও দলে ভেড়াতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে চোখ থাকবে পাকিস্তানের আজহার আলি, কামরান আকমল এবং মিসবাহ-উল-হক, শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল ও উপল থারাঙ্গা, ইংল্যান্ডের গ্যারি ব্যালেন্স ও টিম ব্রেসনান রয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে। তাদের প্রত্যেকের মূল্য ৭০ হাজার ডলার। এছাড়া ‘বি’ গ্রেডে থাকা দুই ফাস্ট বোলার জেক বল ও সোহেল তানভীরকেও নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিরা। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জেসি রাইডারকে রয়েছেন ’বি’ গ্রেডে। তাদের নিতে দাম হাঁকাতে হবে ৫০ হাজার ডলার।

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস শিরোপা ধরে রাখার মিশনে এরই মধ্যে দলে ভিড়িয়েছেন ১২ বিদেশি ক্রিকেটারকে। তাই প্লেয়ার্স ড্রাফটে তাদের চোখ থাকবে স্থানীয় ক্রিকেটারদের ওপর। কুমার সাঙ্গাকারা, এভিন লুইস আর শেন ওয়াটসন রয়েছেন ব্যাট হাতে চার-ছক্কা হাঁকাতে। অলরাউন্ডার সাকিব আল হাসান থাকবেন নেতৃত্বে। সঙ্গে আফ্রিদি-নারাইনের স্পিনে প্রতিপক্ষকে কাবু করতে চায় ঢাকা। পেস বোলার হিসেবে রয়েছেন মোহাম্মদ আমির। প্লেয়ার্স ড্রাফট থেকেই আমিরের সঙ্গী আরেক পেসারকে বেছে নেবে ঢাকা। বেছে নিতে পারে একজন উইকেটরক্ষকও।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স চাইবে শিরোপা পুনরুদ্ধার করতে। তাদের আইকন হিসেবে রয়েছেন তামিম ইকবাল। গেল আসরে খেলা ইমরুল কায়েস ও লিটন দাসকেও দলে রেখে দিয়েছে তারা। আছেন জস বাটলার, মারলন স্যামুয়েলস ও শোয়েব মালিক। দুই পেসার হাসান আলি ও ইমরান খান জুনিয়রকে সঙ্গ দেবেন স্পিনার রাশিদ খান।

দল গোছানো একটু বেশিই বাকি চিটাগং ভাইকিংসের। চিটাগংয়ের টপ অর্ডার সামলানোর দায়িত্ব আইকন সৌম্য সরকারের। চুক্তিবদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে দল গোছাতে আরও মিডল অর্ডার ব্যাটসম্যান ও বোলার প্রয়োজন চিটাগংয়ের।

প্লেয়ার্স ড্রাফটে ব্যস্ত সময় পার করবে সিলেটও। তাদের আইকন সাব্বির রহমান। পেস বোলিং আক্রমণে থাকবেন লিয়াম প্লাঙ্কেট ও কৃষ্মার সান্টোকি। তবে বোলিং আক্রমণটা আরও গোছাতে স্পিনার প্রয়োজন সিলেট সিক্সার্সের। ১ বছর পর বিপিএলে ফিরেছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি।

বেশ কয়েকজন অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটারকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের অধিনায়কত্ব করবেন তাদের আইকন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিন অলরাউন্ডার রবি বোপারা, থিসারা পেরেরা এবং ডেভিড উইলি খেলবেন রংপুরের জার্সি গায়ে। প্লেয়ার্স ড্রাফটে স্পিনারের খোঁজে থাকবে রংপুর রাইডার্স। সঙ্গে প্রয়োজন টপ অর্ডারের ব্যাটসম্যানও।

রাজশাহী কিংসের মিডল অর্ডারে মুশফিকুর রহিম, লুক রাইট রয়েছেন। সঙ্গে রয়েছেন দুই হার্ডহিটার ড্যারেন সামি ও সামিত পেটেল। তবে উইন্ডিজ ওপেনার লেন্ডল সিমন্সের সঙ্গে সূচনা করার জন্য নির্ভরযোগ্য কাউকে খুঁজবে রাজশাহী কিংস। পেস বোলিং আক্রমণে রয়েছে কেসরিক উইলিয়ামস এবং মোহাম্মদ সামি। কার্যকরী একজন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ আরও শানিত করতে চাইবে গেল আসরের ফাইনালিস্ট রাজশাহী কিংস।

খুলনা টাইটানস এরই মধ্যে চুক্তিবদ্ধ করেছে কাইল অ্যাবোট, জুনায়েদ খান, শাদাব খান ও শফিউল ইসলামকে। এছাড়া স্পিনার হিসেবে রয়েছেন মোশাররফ হোসেন রুবেল। তাই বোলিং আক্রমণ নিয়ে কিছুটা নির্ভার খুলনা টাইটানস। তবে ব্যাটিং অর্ডার আরও শক্ত করতে চাইবে তারা। ব্যাটসম্যানদের মধ্যে রাইলি রুশো এবং ডেভিড মালান খেলবেন খুলনার হয়ে।

সেপ্টেম্বর ১৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি