সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » হেফাজতের মিছিলে পুলিশের বাঁধা, স্মারকলিপি প্রদানে প্রতিনিধি দল


হেফাজতের মিছিলে পুলিশের বাঁধা, স্মারকলিপি প্রদানে প্রতিনিধি দল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পূর্বঘোষিত ‘মিয়ানমার দূতাবাস ঘেরাও’ কর্মসূচির মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে মিছিলটি শান্তিনগর মোড়ে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।পরে পুলিশ সংগঠনটির ১০ সদস্যকে দূতাবাসে যাওয়ার অনুমতি দিয়েছে।

রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, ‘নিরাপত্তার স্বার্থে হেফাজত ইসলামের নেতাকর্মীদের মিছিল নিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তারা আমাদের অনুরোধে সম্মান দেখিয়েছেন, মিছিল নিয়ে যাবেন না। তবে তাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন। এ জন্য পুলিশের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে।’

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জোনায়েদ আল হাবিবও এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিরাপত্তার অজুহাতে আমাদের শান্তিপ্রিয় বিক্ষোভ মিছিল পুলিশ আটকে দিয়েছে। আমরা শান্তিনগরে আটকা পড়েছি। এখন আমাদের দশজন মিয়ানমার দূতাবাসে যাবেন।’

এর আগে ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের সামনে হেফাজতের সমাবেশে নেতারা মিয়ানমারের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গেছে বলে দাবি করেছেন।

সোমবার বেলা ১১টায় সমাবেশ শুরু হয়েছে। দলে দলে বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশে যোগ দিয়েছেন হেফাজতের নেতাকর্মীরা।

সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি দেখে যান আরাকান স্বাধীন করার জন্য লাখ লাখ মুসলমান প্রস্তুত রয়েছে। আর কোনো রোহিঙ্গার জীবন হুমকির মুখে পড়তে দেয়া হবে না। অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। আমরা আরাকানে যুদ্ধ করতে প্রস্তুত। অস্ত্র দিন নইলে কূটনীতিক পদ্ধতিতে মিয়ানমারকে নির্যাতন বন্ধে বাধ্য করুন।’

তারা আরও বলেন, ‘১৯৪৮ সাল থেকে মিয়ানমারে সামরিক জান্তারা অনেক মুসলমানের রক্ত ঝরেছে। অনেক নির্যাতন চলেছে। এত দিনের নির্যাতন নিপীড়ন আর সহ্য করা হবে না। এখন সময় এসেছে প্রতিবাদের। বাংলাদেশের প্রত্যেকটি মুফতি, ওলামা মাশায়েখ ঐক্যমতে পৌঁছেছেন যে মিয়ানমারের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গেছে।’

সমাবেশ ও দূতাবাস ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করছেন নুর হোসেন কাসেমি।

সমাবেশে উপস্থিত আছে ঢাকা মহানগরীর সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী, হেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমীর হযরত মাওলানা মাহবুবুল হক, সহ-সভাপতি আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈশা সাহিদি, হেফাজতের ইসলামের নেতা ও মিরপুর জামেয়া ইমদাদিয়া মাদ্রাসার মুহতামিম আবু তাহের জিহাদি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জোনায়েদ আল হাবিব, ঢাকা মহানগরের সহসভাপতি মুজিবুর রহমান, আজিজুল হক, ও নুরুল ইসলাম জেহাদি প্রমুখ।

সেপ্টেম্বর ১৮, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি