রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুড়িগ্রামে চালের উর্ধ্বগতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:
কুড়িগ্রামে চালের বাজার এখন উর্ধ্বমূখী। এক সপ্তাহের ব্যবধানে লাফিয়ে উঠছে চালের মূল্য। কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। হঠাৎ চালের দাম বেড়ে যাওয়া নিয়ে চাল ব্যবসায়ীরা দুষছেন মহাজনকে। আবার মহাজনরা বলছেন উল্টো কথা। এতে চরম বিপাকে পরেছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। সরকারিভাবে কঠোর মনিটরিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় লাগাম টানা যাচ্ছে না এই চালের উর্ধ্বগতির। ফলে সাম্প্রতিক বন্যায় সব হারানো পরিবারগুলোর মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে।

এদিকে গত বৃহষ্পতিবার জেলা খাদ্য নিয়ন্ত্রক চাল ব্যবসায়ীদের সাথে জরুরী মিটিং করেছেন। তিনি চাল ব্যবসায়ীদের অনুরোধ করেছেন কোন অবস্থায় যেন চালের বাজার বৃদ্ধি করা না হয়। কিন্তু বাজারে চালের সরবরাহ কমে যাওয়ায় চতুর ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন ইচ্ছেমত। সাম্প্রতিক দু’দফা প্রলয়ংকরী বন্যা ও লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশ ইস্যু নিয়ে ব্যবসায়ীরা চালের অবৈধ মজুদ বাড়িয়েছে। ফলে সারাদেশে বেড়েছে চালের মূল্য।
সরেজমিন কুড়িগ্রাম শহরের আদর্শ পৌরবাজার ও পৌরচাল বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি মোটা চাল বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা দরে। এক সপ্তাহ আগে যার মূল্য ছিল ৩৮ টাকা। মিনিকেট ৫২ টাকা থেকে দাঁড়িয়েছে ৫৮ টাকায়, স্বর্ণা ৪৫ টাকা থেকে ৫০ টাকা, আটাশ ৫০ টাকা থেকে ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খুচরা বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, বেশি দাম দিয়ে চলে কেনার ফলে লাভের মুখ দেখছেন না তারা। মহাজনরা বস্তা প্রতি তাদেরকে ৩৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত চড়া দামে চাল বিক্রি করছে। ফলে লাভের মুখ দেখছেন না খুচরা বিক্রেতারা। অপরদিকে মহাজনরা পূর্বের কেনা দামের চালও বর্তমান বাজারদরে বিক্রি করায় মহাজনদের পোয়াবারো হলেও তারা চরম হতাশ এই উর্ধ্বমূখীর কারণে।

কুড়িগ্রাম আদর্শ পৌরবাজারের খুচরা ও পাইকারী চাল ব্যবসায়ী বক্তার আলী জানান, এক সপ্তাহ আগে মোকামে চালের দাম বৃদ্ধি পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে মোকামের মহাজনেরা কম সরবরাহ এবং ট্রাকভাড়া ও লোডিং-আনলোডিংকে দায়ী করছেন। এছাড়াও মিলগুলোতেও বাড়তি খরচের কথা জানান এ্যানি ষ্টোরের মালিক আব্দুল হালিম।
এ দিকে সরকারি হিসেবে জেলার বন্যাকবলিত ৭২৪টি গ্রামের ক্ষতিগ্রস্ত ৫ লক্ষ ১৭ হাজার ৭৬ জন মানুষকে এখন চড়া মূলেই চাল কিনতে হচ্ছে। ফলে বিশাল সংখ্যক মানুষ চালের উর্ধ্বগতির কারণে নাভিশ্বাস অবস্থা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জেলা মার্কেটিং অফিসার নাসির উদ্দিন জানান, চালের বাজার এখন কমতে শুরু করেছে। আজ থেকে জেলা খাদ্য বিভাগ কুড়িগ্রাম শহরের পাঁচটি পয়েন্টে ওএমএস ডিলারের মাধ্যমে ৩০ টাকা দরে এক মেট্রিক টন চাল ন্যায্যমূল্যে বিতরণ শুরু করেছে। এছাড়াও সরকার চাল আমদানী করছে। পোর্টে জাহাজ ভিড়লেই চালের দাম কমে যাবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে চালের দাম নিম্নমুখী হবে।

পূর্বাশানিউজ/১৮সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি