রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


শিগগিরই পদ্মা সেতুর স্প্যান বসবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০১৭


ডেস্ক রিপোর্ট :

পদ্মা সেতুর কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এ সেতুর সুপার স্ট্রাকচার বা স্প্যানে চূড়ান্ত পর্যায়ে রঙ হচ্ছে। শিগগিরই ৩৭ ও ৩৮নং পিলারের ওপর স্থাপন হবে স্প্যান। চলতি মাস পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৪৬ দশমিক ৫ শতাংশ। প্রকল্পের কাজের এ পর্যায়ে নদীর তলদেশের মাটির কিছু সমস্যা থাকলেও, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন এ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা। প্রকল্প কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, ৬ মিটার উচ্চতার পিয়ার ক্যাপ ১১ মিটার পিয়ারের ওপরে বসানো হবে, অর্থাৎ নদীর পানি লেভেল থেকে মোট ১৭ মিটার উঁচুতে বসবে সেতুর ছাদ গাড়ি চলাচলের জন্য। সরেজমিন দেখা যায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একটি ইস্পাতের কাঠামো বসানোর কাজ শুরু হয়েছে। কর্মকর্তারা বলছেন, পদ্মা সেতুর মূল কাঠামো প্রথমে বসানো হবে দক্ষিণ প্রান্তে। ফলে জাজিরার দিক থেকে সেতুটি দৃশ্যমান হবে। সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্পের উদ্যোগ নেয়ার পর একটি কর্মপরিকল্পনা তৈরি করে সেতু বিভাগ। সেই পরিকল্পনায় ৪ বছরে, অর্থাৎ ২০১৮ সালের নভেম্বরের মধ্যে মূল সেতু ও নদী শাসনের কাজ শেষ করার কথা বলা হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার কথা একাধিকবার মাওয়া প্রান্তে সাংবাদিকদের জানিয়েছেন। মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ কাজ চলছে। দুইপারের ডাঙ্গার অংশ ধরলে দৈর্ঘ্য হবে ৯ কিলোমিটারের বেশি।

এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মূল সেতু ৩৭ শতাংশ ও নদী শাসনের কাজ ৩০ শতাংশ এগিয়েছে। এর বাইরে দুইপারের সংযোগ সড়ক, টোলপ্লাজা, সহায়ক অবকাঠামো, পুনর্বাসনের কাজ প্রায় শেষ। সেতু বিভাগের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার নির্বাচনের আগেই সেতুটি চালু করতে চায়। সবাই সর্বাত্মক চেষ্টাও করছে। কিন্তু পদ্মা নদীর গঠন এবং এর আচরণ নানা অনিশ্চয়তায় ভরা। ফলে মূল সেতু ও নদী শাসনের কাজ বেশ জটিল। প্রতি পদে পদে চ্যালেঞ্জ আসছে। এরপরও সময়মতো কাজ শেষ করার বিষয়ে আশাবাদী তারা। সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পে এখন প্রায় ৩ হাজার লোক কাজ করছেন।

পূর্বাশানিউজ/১৯সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি