বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চাল নিয়ে লঙ্কাকাণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

খুলনা থেকে জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে খুলনায় কেজিতে চালের দাম ১১ টাকা বৃদ্ধি পেয়েছে। যে চাল কেজি প্রতি বিক্রি হয়েছে ৫৩ টাকায় তা এখন বিক্রি হচ্ছে ৬৪ টাকায়। এতে করে ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে যে বাসমতি চাল বিক্রি হয়েছে ৬৩ টাকা, এখন তা ৭০ টাকা। মিনিকেট ৫৩ টাকা এখন ৬৪ টাকা, নাজিরশাইল ৫৬ থেকে বেড়ে ৬৫ টাকায়, বালাম আটাশ ৪৭ টাকা থেকে বেড়ে ৫৫ টাকায়। এলসি বালাম ৪১ টাকা থেকে বেড়ে ৫০ টাকায়। মোটা স্বর্ণা ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকায়। ভাইটাল ৩০ টাকা থেকে বেড়ে ৩৬ টাকা ৫০ পয়সা। বালাম আতপ ৩৬ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ৫০ টাকা কেজির নিচে কোনো চাল মিলছে না। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। নগরীর বড় বাজারের চালের আড়ত মেসার্স মুরাদ ট্রেডিংয়ে গিয়ে দেখা গেছে, চাল কিনতে আসা নগরীর মির্জাপুর রোডের বাসিন্দা গৃহিণী ফিনিক্স বলেন, রোহিঙ্গাদের অজুহাতে দোকানিরা হুজুগে চালের দাম বাড়িয়েছে। গত সপ্তাহে মিনিকেট কিনেছি ৫৩ টাকায়। এখন সেই চাল ৬৪ টাকা দিয়ে কিনতে হচ্ছে। এ অবস্থার জন্য বাজার মনিটরিং এবং সঠিক তত্ত্বাবধায়নের অভাবকে দায়ী করেন তিনি। কেন এক লাফে চালের দাম এত বেড়েছে জানতে চাইলে মেসার্স মুরাদ ট্রেডিংয়ের বিক্রেতা জিয়াউল হক মিলন বলেন, আমাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে তিনি ক্রয় রশিদ দেখান। তিনি অভিযোগ করে বলেন, মিল মালিকদের কারসাজির কারণে চালের মূল্য ঊর্ধ্বগতি হয়েছে। আর ক্রেতাদের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। দিনাজপুর ভাণ্ডারের মালিক মো. ফারুক বলেন, বন্যার কারণে ধানের সংকট ও কারসাজির কারণে চালের দাম বেড়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, চাল মজুদ করতে প্রতিযোগিতায় নেমেছেন কিছু অসাধু আমদানিকারক, চালকল মালিক ও আড়তদাররা। ফলে দ্রুত বাড়ছে চালের দাম। খুচরা ও পাইকারি চাল বিক্রেতা কেউ কেউ বলছেন, হাওরে আগাম বন্যায় ফসলহানির পর দুই দফা বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের ফসল নষ্ট হয়েছে। এতে করে বেশ কয়েক মাস আগে বেড়ে যাওয়া চালের দাম গত কয়েকদিনে আরো বেড়েছে। বিশেষ করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের পর দাম বেড়েছে আরো বেশি। খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন বলেন, সরকারিভাবে চালের বাজার স্থিতিশীল রাখতে ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা প্রহণ করা হয়েছে। গতকাল থেকে খুলনায় ওএমএসের চাল বিক্রি শুরু হলে খোলা বাজারে চালের দাম কমে আসবে। এতে নিম্ন আয়ের মানুষ উপকার পাবেন। তিনি জানান, মহানগরীর ২০টি স্থানে ২০ জন ডিলারের মাধ্যমে এই ওএমএস চাল বিক্রি করা হবে। একজন সাধারণ ক্রেতা ৫ কেজি করে চাল নিতে পারবেন। ওএমএসের চাল বিক্রি হবে ৩০ টাকা কেজি। এদিকে খুলনা মহানগর বিএনপির সম্পাদকমণ্ডলী ও অঙ্গ সংগঠনগুলোর যৌথ সভায় বিএনপি নেতারা চালের মূল্যবৃদ্ধি সরকারের সীমাহীন ব্যর্থতার একটি রূপ বলে মন্তব্য করে বলেছেন, সরকারের প্রতিশ্রুত ১০ টাকা কেজির চাল এখন ৭০ টাকায় পৌঁছেছে। চালের দাম নিয়ন্ত্রণহীন হওয়া ও তা নিয়ন্ত্রণে সরকারের এই ব্যর্থতা শেখ মুজিবুর রহমানের শাসনামলের ৭৪’র দুর্ভিক্ষের পদধ্বনি। রোববার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগরী সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, স ম আব্দুর রহমান, রেহানা আক্তার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, শাহিনুল ইসলাম পাখী, ইকবাল হোসেন খোকন, জালু মিয়া প্রমুখ।

কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রামে চালের বাজার ঊর্ধ্বমুখী। এক সপ্তাহের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের মূল্য। কেজিতে বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। হঠাৎ চালের দাম বেড়ে যাওয়া নিয়ে চাল ব্যবসায়ীরা দুষছেন মহাজনকে। আবার মহাজনরা বলছেন অন্য কথা। এতে চরম বিপাকে পরেছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষজন। সরকারিভাবে কঠোর মনিটরিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় লাগাম টানা যাচ্ছে না চালের ঊর্ধ্বগতির। ফলে সাম্প্রতিক বন্যায় সব হারানো পরিবারগুলোর মাথায় আকাশ ভেঙে পড়েছে। এদিকে গত বৃহস্পতিবার জেলা খাদ্য নিয়ন্ত্রক চাল ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। তিনি চাল ব্যবসায়ীদের অনুরোধ করেছেন কোনো অবস্থায় যেন চালের বাজার বৃদ্ধি করা না হয়। কিন্তু ব্যবসায়ীরা চালের সংকট দেখিয়ে ইচ্ছেমতো মূল্য বৃদ্ধি করছেন।
রোববার দুপুরে কুড়িগ্রাম শহরের আদর্শ পৌরবাজার ও পৌর চাল বাজার সরজমিন ঘুরে দেখা যায় প্রতি কেজি মোটা চাল বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা দরে। এক সপ্তাহ আগে যার মূল্য ছিল ৩৭ টাকা। মিনিকেট ৫২ টাকা থেকে দাঁড়িয়েছে ৫৮ টাকায়, স্বর্ণা ৪৫ টাকা থেকে ৫০ টাকা, আটাশ ৫০ টাকা থেকে ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খুচরা বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, বেশি দাম দিয়ে চলে কেনার ফলে লাভের মুখ দেখছেন না তারা। মহাজনরা বস্তাপ্রতি তাদের ৩৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত চড়া দামে চাল বিক্রি করছে। ফলে লাভের মুখ দেখছেন না খুচরা বিক্রেতারা। অপরদিকে মহাজনরা আগের কেনা দামের চালও বর্তমান বাজারদরে বিক্রি করায় মহাজনদের পোয়াবারো।
কুড়িগ্রাম আদর্শ পৌরবাজারের খুচরা ও পাইকারি চাল ব্যবসায়ী বক্তার আলী জানান, এক সপ্তাহ আগে মোকামে চালের দাম বৃদ্ধি পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণ হিসেবে মোকামের মহাজনেরা কম সরবরাহ এবং ট্রাক ভাড়া বেশি এবং লোডিং-আনলোডিং জটিলতাকে দায়ী করছেন।
পৌর চাল বাজারের মহাজন ও পাইকারি চাল ব্যবসায়ী হযরত আলী জানান, একদিকে ধানের মূল্য বৃদ্ধি ও ইমপোর্ট পয়েন্টে হঠাৎ করে চালের মূল্য বৃদ্ধি পাওয়া এবং আমদানি কমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। একই কথা জানালেন অপর চাল ব্যবসায়ী আতাউর রহমান আতা। তিনি জানান, দিনাজপুরের হিলি থেকে ইমপোর্টাররা ভারত থেকে চাল আমদানি করে। আমরা হিলির বিভিন্ন পয়েন্ট থেকে চাল আমদানি করি। বর্তমানে পয়েন্টগুলোতে চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদেরও দাম বাড়াতে হয়েছে। এদিকে সরকারি হিসেবে জেলার বন্যাকবলিত ৭২৪টি গ্রামের ক্ষতিগ্রস্ত ৫ লাখ ১৭ হাজার ৭৬ জন মানুষ। ক্ষয়ক্ষতি এখনও পুষিয়ে নিতে পারেনি। তার উপর এখন চড়া মূল্যে চাল কিনতে গিয়ে নাভিশ্বাস।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, জেলার দ্বিতীয় বৃহত্তম রাইস মিল বায়জীদ বিশ্বাস এগ্রোফুড লিমিটেড রাইস মিলে কুষ্টিয়া বাজার নিয়ন্ত্রণ মনিটরিং কমিটি অভিযান চালিয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বাজার নিয়ন্ত্রণ মনিটরিং কমিটির সদস্যরা বায়জীদ বিশ্বাস এগ্রোফুড রাইস মিলে চাল বা ধানের অতিরিক্ত মজুদ আছে কিনা তা তদারকি করেন। এ সময় বায়জীদ রাইস মিলের গুদামে অতিরিক্ত মজুদ আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হয়। তবে বায়জীদ বিশ্বাস এগ্রোফুড রাইস মিলের বিভিন্ন গুদামে অতিরিক্ত চাল এবং ধানের মজুদ আছে বলে এলাকাবাসী জানিয়েছেন। বায়জীদ বিশ্বাস এগ্রোফুডের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলার বিভিন্ন রাইস মিলে বাজার নিয়ন্ত্রণ মনিটরিং কমিটির অভিযানের পর থেকে গত দুই-তিন রাতের আঁধারে বায়জীদ বিশ্বাস এগ্রোফুড রাইস মিলের চাল ট্রাক ভর্তি করে গোপনে বিভিন্ন স্থানে পাচার করা হয়েছে। এ ছাড়াও রাইস মিলের ভেতরের একাধিক গুদামসহ মিলের পার্শ্ববর্তী স্থানের বিভিন্ন গোপন গুদামে চাল ও ধানের অতিরিক্ত মজুদের কথা জানিয়েছেন এলাকার লোকজন ও মিলের এক কর্মচারী। জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিশ্বাস মিনিকেট চালসহ-বিশ্বাসের বিভিন্ন প্রকার চালের বাড়তি চাহিদা থাকায় মাঝে মধ্যে অতিরিক্ত মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে চালের মূল্য বৃদ্ধিরও অভিযোগ রয়েছে বায়জীদ বিশ্বাস এগ্রোফুডের বিরুদ্ধে।
অতিরিক্ত চাল বা ধানের মজুদের কথা অস্বীকার করে বায়জীদ বিশ্বাস এগ্রোফুডের ম্যানেজার ইসরাফিল হোসেন স্বপন জানিয়েছেন, ধানের মূল্য বৃদ্ধির কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্বাস এগ্রোফুডে ধান বা চালের অতিরিক্ত মজুদ নেই বলে তিনি দাবি করলেও বিশ্বাস এগ্রোফুডের গুদামের ভেতরে সাংবাদিকরা প্রবেশ করতে চাইলেও আসল রহস্য উদঘাটন হওয়ার ভয়ে গুদামের ভেতরে যেতে দেয়া হয়নি বলে সেতু আহমেদ নামে স্থানীয় এক ফটো সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে সরকারি ওএমএসএর চাল নিয়ে চলছে চালবাজি। সরকারের দেয়া হতদরিদ্রদের ভোগান্তি কমাতে এসব চাল এখন কিনতে চাচ্ছে না জেলার দরিদ্র জনগোষ্ঠী। ফলে জেলার চাল বাজারে ইতিমধ্যে নীতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। চালের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দিশাহারা হয়ে পড়েছে জেলার মধ্যবৃত্ত পরিবারগুলো।
ফরিদপুরের খাদ্য অধিদপ্তর থেকে জানা গেছে, গতকাল সকাল থেকে আনুষ্ঠানিকভাবে বিক্রয় শুরু হয়েছে। শহরের হেলিপ্যাড বাজার, চক বাজার, অম্বিকাপুর বাজার, টেপাখোলা বাজার ও চুনাখাটা বাজারে প্রতি কেজি ৩০ টাকা হারে জনপ্রতি ৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। মোট ১২০ টন চাল আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত চলবে তাদের কার্যক্রম।
জেলার হতদরিদ্ররা জানায়, জেলার মানুষ সিদ্ধ চাল খেয়ে অভ্যস্ত। জন্মলগ্ন থেকেই তারা এ ধরনের চালের ভাত খেয়ে আসছে। জেলায় উৎপাদিত সকল চালই সিদ্ধ চাল। জেলার চাহিদানুযায়ী সরকার সব সময়ই সিদ্ধ চাল সরবরাহ করে আসছে। গতকাল থেকে জেলায় ওএমএসএর সিদ্ধ চালের পরিবর্তে দেয়া হচ্ছে আতপ চাল। জেলার হতদরিদ্ররা সরকারের দেয়া এ চাল নিতে অনাগ্রহ প্রকাশ করছে। ফলে শহরের সবকটি ডিলারের ঘর ফাঁকা দেখা গেছে। ডিলারের ঘরে চাল মজুত রয়েছে। চাল কিনতে এসে এসব অসহায় পরিবারের সদস্যরা আতপ চাল দেখে ফিরে যাচ্ছে।
ফরিদপুরের খাদ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা গোপাল চন্দ্র দত্ত জানান, এ অঞ্চলের মানুষ সিদ্ধ চালের ভাত খেয়ে অভ্যস্ত। তারা আতপ চাল খেতে পারে না। ফলে আমাদের গোডাউনের চাল যদি পূর্বাঞ্চলে পাঠানো হলে তাদের উপকার হবে। সেখানে আতপ চালের চাহিদা রয়েছে। আর এখানে আতপ চাল কেউ কেউ কিনে তারা আবার বাজারে বিক্রি করে সিদ্ধ চাল নিচ্ছে। এতে সরকার হতদরিদ্রদের দারিদ্র্যতা ঘোচাতে যে উদ্যোগ নিয়েছে সেটা বিফলে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরকার জেলায় সিদ্ধ চালের সরবরাহ করলে একদিকে দরিদ্ররা উপকৃত হবে অন্যদিকে চালের বাজার কিছুটা হলেও স্থিতিশীল থাকবে।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চালের বাজারে বস্তা প্রতি দাম বেড়েছে ৭শ টাকা। হবিগঞ্জের চালের বাজার দিন দিন অস্থিতিশীল হয়ে উঠেছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে ৭ শ থেকে সাড়ে ৭ শ টাকা। চালের দাম বাড়ার ফলে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির লোকজন। এমতাবস্থায় বাজার মনিটরিং করার জোর দাবি জানিয়েছেন সাধারণ ভুক্তভোগীরা। অপরদিকে, ব্যবসায়ীরা বলছেন, শায়েস্তাগঞ্জের চালবাজদের কারসাজিতেই বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে অসাধু একটি চক্র। বিদেশ থেকে লাখ লাখ টন চাল আমদানি করা হলেও চালের বাজারে কোনো প্রভাব পড়ছে না। কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চালের বাজার। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিতরণের চাল আসলেও তা চলে যাচ্ছে চালবাজদের কবলে। চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও অসাধু চাল ব্যবসায়ীর কারণেই চালের বাজারের এ অবস্থা বলে মনে করছেন অনেকেই। বস্তা প্রতি চালের দাম বাড়ার কারণে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। জানা যায়, গত এক থেকে দেড় সপ্তাহ ধরে হঠাৎ করেই চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। দিন যত যাচ্ছে চালের দামও তত বাড়ছে। গতকাল শায়েস্তাগঞ্জ দাউনগর বাজার, পুরান বাজার, আলীগঞ্জ বাজার এলাকার চালের বাজারসমূহ সরজমিনে ঘুরে দেখা যায়, চালের দোকানগুলোতে আগের মত ভিড় নেই।
দাম বেশি হওয়ার ফলে ক্রেতারা খুচরা ভাবে চাল কিনে নিচ্ছে। তবে চিকন চালের তুলনায় মোটা চালের দাম কম হওয়ায় ক্রেতারা তাই ক্রয় করছে। ২৯ জাতের চাল গত সপ্তাহে ২১শ টাকা থেকে ২২শ টাকা ধরে বিক্রি হলেও এ সপ্তাহ বিক্রি হচ্ছে ২৮শ থেকে ২৯শ টাকায়, নাজির শাইল গত সপ্তাহে প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২৭শ টাকা করে কিন্তু এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩৫শ টাকা ধরে, একই ভাবে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ২৮শ থেকে ৩৩শ টাকা করে, মোটা চাল প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২২শ টাকা থেকে ২৩শ টাকা করে। চাল ব্যবসায়ীদের অভিযোগ, হবিগঞ্জসহ শায়েস্তাগঞ্জের বেশ কিছু ব্যবসায়ীরা গুদামে চাল মজুত রাখার কারণেই চালের দাম বেড়েছে। এমতাবস্থায় বাজার ব্যবস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটরিং করার কথা বলেছেন সাধারণ ভুক্তভোগীরা।
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, চিলমারীতে আমন চারা সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বিভিন্ন হাট-বাজারে চারা পাওয়া গেলেও সেগুলি বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গেছে, মাসব্যাপী বন্যায় কয়েক শ হেক্টর জমির রোপণকৃত রোপা আমন ও বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন এখানকার কৃষকরা। শান্তিনগর থেকে চারা কিনতে আসা সাইফুল বলেন, গরুর খড়ের কথা চিন্তা করে তিনি থানাহাট বাজারে আমন চারা কিনতে এসেছেন। কিন্তু চারা যে দামে বিক্রি হচ্ছে তাতে তিনি জমিতে রোয়া লাগাবেন কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। একই কথা জানালেন, নয়ারহাট থেকে চারা বীজ কিনতে আসা ভুট্টু মিয়া, ঠগেরহাট এলাকার আঃ রশিদ। চারা বীজ ব্যবসায়ী আবদুল মিয়া জানান, এবারে এই অঞ্চলে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় এখানকার চারা বীজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তারা বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করে এখানে এনে বিক্রি করছেন। চারা সংগ্রহ করতে গিয়ে খরচ বেশি পড়ে যাওয়ায় দাম একটু বেশি বলে তিনি জানান। ওই ব্যবসায় আরো জানান, ৮০ মুঠো (একপণ) আমন চারা ২ থেকে ৩ হাজার টাকায় বিক্রি করছেন। যা দিয়ে ৪০ থেকে ৪৫ শতাংশ জমিতে চারা লাগানো যাবে। উপজেলা কৃষি অফিসার মো. খালেদুর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের পরামর্শ ও সহযোগিতা করার পাশাপাশি ভাসমান বীজ তলা তৈরিসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। অপরদিকে চারার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষকগণ হতাশ দিন কাটাচ্ছেন।
অনেকে চড়াদামে কিনলেও পড়েছেন মহা চিন্তায়।

পূর্বাশানিউজ/১৯সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি