শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহজালালে সিগারেটসহ ৬ ভারতীয় নাগরিক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৬ ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ১ লাখ ৭০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার কুয়ালালামপুর থেকে আসা এমএইচও-১৯৬ ফ্লাইটটি আনুমানিক রাত দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৮৫০টি কার্টনে সিগারেটগুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
আটক যাত্রীরা হলেন, নির্মল সিংহ, পারমিন্দের জিত সিংহ, মানিক আররা, রাম কুমার গৌতম, মাঞ্জিত সিংহ, নেহা আররা আলিয়াস রাজনি খান্না। ড. মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রীরা ১নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের সঙ্গে থাকা ৮টি লাগেজ খুলে ১ লাখ ৭০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটগুলো ৮৫০টি মিনি কার্টনে ছিল। এসব সিগারেট কোরিয়ান ইএসএসই লাইট ব্র্যান্ডের। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছে শুল্ক গোয়েন্দারা। শুল্ককরসহ জব্দ করা পণ্যের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্বাশানিউজ/১৯সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি