
পূর্বাশা ডেস্ক:
ভারতে ‘তেজ’ নামের ডিজিটাল পেমেন্ট সেবা চালু করেছে গুগল। ২০১৬ সালে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট এবং কয়েনের ব্যবহার বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সেখানে ডিজিটাল পেমেন্ট সেবার ব্যবহার দ্রুত বাড়তে দেখা গেছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার শুধু ভারতে গুগল ‘তেজ’ চালু করেছে বলে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইংরেজিসহ ভারতের সাতটি ভাষায় অ্যাপটি উন্মোচন করেছে গুগল। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্লাটফর্মের জন্যই এটি উন্মোচন করা হয়েছে। অ্যাপলে পে, অ্যান্ড্রয়েড পে এবং স্যামসাং পে’র মতোই গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে গুগল তেজ। এর মাধ্যমে গ্রাহক অর্থ স্থানান্তর, পেমেন্ট নিতে ও কেনাকাটায় মূল্য পরিশোধ করতে পারবেন।
গুগলের ওয়েবসাইটে বলা হয়, ভারতের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে তেজ। এর আগে গুগল ধারণা করেছিল ২০২০ সালের মধ্যে ভারতের ই-কমার্স বাণিজ্যের মূল্য হবে ১০ হাজার কোটি ডলার। ২০১৬ সালে ভারতে ডিজিটাল ওয়ালেট ও পেমেন্ট অ্যাপের ব্যবহার দ্রুত বেড়েছে। এ বছর মার্চে গ্রাহক সংখ্যা ২০ কোটির বেশি হয়েছে স্থানীয় পেইটিমের। মার্চে স্যামসাংও ব্যবসা বাড়ানোর লক্ষ্যে ভারতে স্যামসাং পে ডিজিটাল ওয়ালেট সেবা চালু করেছে।
২০১৭/রুমকী
























































