
পূর্বাশা ডেস্ক:
সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরন মঞ্চের মিছিল থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তিমূলক শ্লোগান দেওয়ার অভিযোগের মামলায় গণজাগরন মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এই পরোয়ানা জারি করেন। মিছিলে নেতৃত্ব দেয়া সনাতন উল্লাস নামে আরেক আসামির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
বিচারিক আদালতে মামলাটি বদলি হয়ে আসার পর প্রথম তারিখ বুধবার মামলাটিতে বাদীপক্ষ এবং আসামিপক্ষের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী আদালতে হাজির হতে না পারেননি। এজন্য তিনি সময়ের আবেদন করেন। কিন্তু আসামিপক্ষ আদালতে হাজির হননি এবং কোন ধরনের পদক্ষেপও গ্রহণ করেন নি। মামলার ধার্য তারিখে আসামিরা উপস্থিত না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক আগামি ২৬ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন।
এর আগে গত ৩১ মে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, গত ২৮ মে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে ‘ছি. ছি. হাসিনা, লজ্জায় বাঁচি না’ শিরোনামে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর শ্লোগান তুলে। যা প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের জন্য মানহানিকর। ওই সমাবেশে ইমরান এইচ সরকার এবং সনাতন উল্লাস নেতৃত্ব দেন।
২০১৭/রুমকী
























































