শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাবনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

পাবনার আটঘরিয়ায় আবু দাউদ (৪৫) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে শিবপুর বাজারের পাশে এই ঘটনা ঘটে।
নিহত দাউদ আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত লতিফ মুন্সীর ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য ও একই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার সময় দাউদ শিবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর গ্রামের ব্রিজের কাছে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। তার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করে। ওসি আরো জানান, কারা, কি কারণে তাকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি