
পূর্বাশা ডেস্ক:
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম নতুন করে সংস্কারের পর পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয়। সংস্কারের পর প্রথম অনুষ্ঠিত ম্যাচটিতে মিরপুরের আউটফিল্ড দেখে সন্তুষ্ট হতে পারেননি ম্যাচ রেফারি জেফ ক্রো। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আইসিসি ম্যাচ রেফারি ক্রোর জমা দেয়া রিপোর্টটি বিসিবিকে পাঠিয়ে আউটফিল্ড নিয়ে উদ্বেগ জানায়। আন্তর্জাতিক ভেন্যুর এমন দশা কেন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এর জবাব চাওয়া হয়। তবে নির্ধারিত সময়ের আগেই কারণ ব্যাখ্যা করে আইসিসিতে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
গেল বছর অক্টোবরের পর থেকেই দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। এতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট হওয়ার আগে মিরপুর শেরেবাংলায় প্রায় ৯ মাস কোনো ম্যাচ হয়নি। এ সময়ে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও ভালো করার জন্য সংস্কার করা হয়। উইকেটের উপরিভাগে ইঞ্চিখানেক পুরনো মাটি সরিয়ে নতুন মাটি ফেলা হয়। আউটফিল্ডের পুরনো মাটি ৬ থেকে ৮ ইঞ্চির মতো তুলে নতুন মাটি ফেলা হয়। লাগানো হয়েছে নতুন ঘাস। কিন্তু প্রথম টেস্টের সময় আউটফিল্ড পুরোপুরি খেলার উপযোগী করা যায়নি। আউটফিল্ডের ঘাসগুলোর মাঝে প্রচুর ফাঁক দিয়ে মাঠের মাটি ও বালি দৃশ্যমান হয়ে ওঠে, যেটা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আইসিসি। ম্যাচ রেফারির পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিংয়ের ভিত্তিতে বিসিবিকে একটি রিপোর্ট দেয়া হয়। যে রিপোর্টের সন্তোষজনক জবাব ১৪ দিনের মধ্যে বিসিবিকে জানাতে হবে। বিসিবির সেই জবাব পর্যালোচনা করে দেখবেন আইসিসি জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জিওফ অ্যালার্ডিস ও এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। জবাবে বিসিবি যে কারণ দেখিয়েছে, সেটিতে আইসিসি সন্তুষ্ট না হতে হলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে বিসিবিকে। সঙ্গে আইসিসির তরফ থেকে তিরস্কার থাকবেই।
গতকাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসি শেরেবাংলার আউটফিল্ডকে বাজে বলে আখ্যায়িত করেছে। আমরা এ বিষয়ে আইসিসিকে একটি রিপোর্ট জমা দিয়েছি। আপনারা জানেন, গেল ৪ থেকে ৫ মাসে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি ও বৃষ্টি, তাতে সময় মতো মাঠটা প্রস্তুত করা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। এরপরও আমরা চেষ্টা করেছি। আমরা মনে করি, আমাদের গ্রাউন্ডস কমিটি খুব কষ্ট করে কাজ করেছে।’ আইসিসিতে পাঠানো রিপোর্টে বন্যা পরিস্থিতি ও বৃষ্টির কারণ উল্লেখ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবির সিইও বলেন, ‘এটা আমরা গোপন রাখতে চাইছি।’ ২০০৬ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর থেকে সবসময় প্রশংসিত হয়ে এসেছে মিরপুর স্টেডিয়াম। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে সেই ভাবমূর্তি রক্ষা করতে পারেনি মিরপুর শেরেবাংলা। প্রশ্ন উঠেছে বিসিবির কিউরেটর থেকে শুরু করে পুরো গ্রাউন্ডস কমিটির অদূরদর্শিতা নিয়ে। নিজামউদ্দিন চৌধুরী অবশ্য কাউকে দোষারোপ করতে চান না, ‘স্বীকৃতি পাওয়ার পর শেরেবাংলা নিয়ে কোনো অভিযোগ কখনও পাইনি। এই মাঠে আইসিসির কয়েকটি বড় আয়োজন হয়েছে। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এখানে হয়েছে। পরপর তিনটি এশিয়া কাপ আমরা এখানেই আয়োজন করেছি। মাঠের প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না। বৈরি আবহাওয়ার কারণে এটা হয়েছে। আইসিসি কিন্তু শুধু ঘাসের কারণে অভিযোগ করেছে। অন্যান্য দিক ঠিক আছে। এখন সময়ের সঙ্গে সঙ্গে এটা ভালো হয়ে যাবে। আমাদের প্রস্তুতির ঘাটতি ছিল, তা বলব না।’
২০১৭/রুমকী
























































