শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতিসংঘে বাংলাদেশের প্রশংসায় ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কাউন্সিলের ৩৬তম অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেছে প্রতিবেশী ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাজিব কে চন্দের রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে ‘সংযত আচরণ’ করারও আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি রাখাইন সহিংসতায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমার সফর করেন। সে সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অবস্থানকে সমর্থন জানান। এছাড়া ভারত তাদের দেশে থাকা ৪০ হাজার রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে চায়। এ নিয়ে এ সপ্তাহে দেশটির কেন্দ্রীয় সরকার সুপ্রিমকোর্টকে জানিয়েছে, রোহিঙ্গাদের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও জঙ্গি

সংগঠন আইএসের যোগসাজশ রয়েছে। রোহিঙ্গাদের ভারতের নিরাপত্তার জন্য ‘ভয়ানক হুমকি’ বলে সর্বোচ্চ আদালতকে জানানো হয়। এরই মধ্যে ইস্যুটি নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী। এরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার উদ্বেগ জানান। এবার জাতিসংঘের মানবাধিকার কমিশনেও ভারত বাংলাদেশের পক্ষে তার মত দিল। এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়েছে প্রতিবেশী দেশটি।

ভারত যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায় এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাইন্সিলে কিছু বলেননি রাজিব কে চন্দ। তিনি বলেন, শরণার্থীদের আশ্রয় দিয়ে ঢাকা যে ভূমিকা পালন করেছে, তার স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। রাখাইন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজিব কে চন্দ। তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। ওই সহিংসতায় বহু মানুষ (রাখাইন) রাজ্যছাড়া হয়েছেন। এদের অনেকে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।’

পূর্বাশানিউজ/২১সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি