শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ইলিশের সরবরাহ বাড়ায় স্বাদ নিতে পারছে স্বল্প আয়ের মানুষরাও


ইলিশের সরবরাহ বাড়ায় স্বাদ নিতে পারছে স্বল্প আয়ের মানুষরাও


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কয়েক সপ্তাহ ধরেই রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। তুলনামূলক কম দামে মাছের রাজা’র স্বাদ নিতে পারছেন স্বল্প আয়ের মানুষরাও। আর এর জন্য তারা ইলিশের প্রজনন বাড়ানোয় সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করছেন।

তবে চালের দাম এখনও চড়া। পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে প্রভাব পড়ছেনা বললেই চলে। দু’বছর আগেও বাজারে গিয়ে বড় আকারের একটা ইলিশ কিনবেন, এমন ভাবার সাহস পেতেন না অধিকাংশ ক্রেতারা। ফলে ছোট ইলিশ খেয়েই রসনার বিলাস মেটাতেন তারা।

তবে জাতীয় এই মাছের প্রজনন বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপে বাজারে বেড়েছে এর সরবরাহ। ভরা মৌসুমে হাতের নাগালেই মিলছে রুপালী ইলিশ। আর কম দামে মাছের রাজার স্বাদ নিতে পেরে খুশি ক্রেতারাও। ইলিশের প্রজনন বাড়াতে সরকারি উদ্যোগের প্রসংশা তাদের মুখে।

মাছে ভাতে বাঙ্গালির মাছের দাম তো কম, কিন্তু ভাতের ব্যবস্থা করতে হিমসিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। বুধবার থেকে পাইকারী বাজারে চালের দাম কেজিতে দু’তিন টাকা কমতে শুরু করছে। তবে খোলা বাজারে তার প্রভাব সামান্যই। এদিকে, মৌসুমের আগেই শীতের সবজির সরবরাহ বাড়ছে বাজারে। কিন্তু পালং শাক, টমেটো বা ফুলকপির মত সবজি কিনতে বাড়তি টাকা খরচ করতে হবে। বন্যা শেষে অন্যান্য সবজির দামও কমতির দিকে।

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি