
পূর্বাশা ডেস্ক:
প্রতিবন্ধী ক্রিকেটারদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ দেখতে রংপুর যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগামীকাল ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রীতি ক্রিকেট ম্যাচটি, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
প্রতিবন্ধী শিশুদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে উপস্থিত থাকবেন রংপুর রাইডার্সের এই অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক সংগঠন আরদ্রিদ।
প্রতিবন্ধীদের শিশুদের নিয়ে এই আয়োজন প্রসঙ্গে আরদ্রিদ এর নির্বাহী পরিচালক বদিউজ্জামান আল-আমিন বলেন, ‘প্রতিবন্ধী মানুষদের জন্য একটি বাধামুক্ত ও একীভূত সমাজ গঠনে অংশীদার হোন-এ স্লোগান নিয়ে প্রতিবন্ধীদের চিকিৎসা, পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতাকারী অন্যতম সংগঠন আরদ্রিদ এর আয়োজনে প্রতিবন্ধী ক্রিকেটারদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।’
অনুষ্ঠানে প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন মাশরাফি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর রেঞ্জ’র ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজবীর, রংপুর জেলা ক্রিকেট সংস্থার সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর রাইডার্স এর সিইও ইশতিয়াক সাদিক, ৩২ ও ৩৪ ব্যাটালিয়ন এডজুটেন্ট, বিএনসিসি এর রংপুর ডিভিশনাল প্রধান মেজর মো. হারুন অর রশীদ ও আরদ্রিদ এর চেয়ারম্যান জাবেদ আলী।
২০১৭/রুমকী
























































