মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করলেন সাকিব আল হাসান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে মানিকগঞ্জের ঘিওরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। বিসিবির ত্রাণ সামগ্রীতে ছিল চাল, ডাল, চিড়া, চিনি,সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও লবণ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাকিব আল হাসান। সে সময় তারকা এই ক্রিকেটারকে এক নজর দেখতে বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্তের সমাগম ঘটে।

মানিকগঞ্জের ঘিওরে ত্রাণ বিতরণ করছেন সাকিব আল হাসান।

মানিকগঞ্জে ত্রাণ বিতরণ কালে সাকিব আল হাসান। ছবি: প্রিয়.কম

ত্রাণ বিতরণকালে সাকিব আল হাসান বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। তিনি মনে করেন প্রতিটি মানুষেরই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি আরো বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে তিনি (শেখ হাসিনা) মানবতার নেত্রী হয়ে গেছেন। মানবিকতার জন্যই বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। বিশ্বের বিবেকমান প্রতিটি মানুষই এদের পাশে দাঁড়াবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

মানিকগঞ্জে ত্রাণ বিতরণের পর বক্তৃতাকালে সাকিব আল হাসান।

মানিকগঞ্জে ত্রাণ বিতরণের পর বক্তৃতাকালে সাকিব আল হাসান। ছবি: প্রিয়.কম

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, ক্রিকেট গ্রাউন কমিটির ম্যানেজার আব্দুল বাতেন ও একই কমিটির সদস্য গামেনি সিলভা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মো. তায়েবুর রহমান টিপু।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা মহিলা লীগের সভাপতি নীনা রহমান, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম জনি, জেলা পরিষদের সদস্য আ. খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু প্রমূখ।

পূর্বাশানিউজ/২৬সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি