
পূর্বাশা ডেস্ক:
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চলছেই। সারা দুনিয়া থেকে তাই অং সান সু চির বিরুদ্ধে ধিক্কার উঠছে। একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কী করে এতা নিষ্ঠুর হতে পারেন― উঠছে সেই প্রশ্নও। অথচ বন্দিজীবনের বিষাদময় অভিজ্ঞতা আছে সু চির। সামরিক জান্তার রূঢ়তাও জানা আছে। কেননা সমরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে দীর্ঘ এক সময় অতিবাহিত করতে হয়েছে তাকে। তিনি গণতন্ত্রকামী। তিনি শান্তিকামী। তখনি এই সব পরিচয়ে বিশ্ববাসী জেনেছে তাকে। শুধু আমজনতার শাসন প্রতিষ্ঠায় পরিবার-পরিজন থেকে দূরে থাকতে হয়েছে তাকে। এই ত্যাগের মানসিকতা। শান্তির জন্য এই আপসহীনতার মনোভাব―দারুণভাবে আকৃষ্ট করেছে পশ্চিমাদের। তাই প্রাচ্যের এক অবরোধবাসিনী অং সান সু চিকে ১৯৯১ সালে নোবেল দিয়ে দিল শান্তি পুরস্কারদাতারা। সেটা আড়াই দশক আগের কথা। সু চি এখন মিয়ানমারকে গণতন্ত্রের দিকে নিয়ে এসেছেন। সবার আশা ছিল সামরিক শাসকরা রোহিঙ্গাদের সঙ্গে যে আচরণ করেছে, তার অবসান হবে সু চির শাসনে। কিন্তু তা আর হলো কই! রোহিঙ্গা নিপীড়নে সু চির সরকার যেন আরো এক কাঠি সরেস।
বছর বছর দফায় দফায় রোহিঙ্গা জনগোষ্ঠী উৎপাটনের অমানবিক কর্ম চলছেই। অসহায় মানুষেরা দলে দলে নিরাপদ আশ্রয়ের তালাশে আসছে বাংলাদেশে। মিয়ানমারে যাদের শত শত বছরের বসতি, তাদের ভার নিতে হচ্ছে এই দেশকে। নিজভ‚ম থাকলেও পরবাসী হতে হচ্ছে তাদের। আর যারা বাপ-দাদার ভিটে আঁকড়ে থাকতে চাইছে তাদের কাউকে জীবন দিতে হচ্ছে। কেউ হচ্ছে ধর্ষণের শিকার। সোজা কথায়, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে যা যা করা দরকার তার সবই করছে মিয়ানমারের সরকার, প্রশাসন আর সামরিক বাহিনী। অথচ সেখানে সরকারি দলের প্রধান একজন নোবেল শান্তি বিজয়ী।
নোবেল কমিটি যখন সু চিকে শান্তি পুরস্কার দেয়, তখন তারা তাদের বিবৃতিতে তিনটি কারণের কথা জানায়। এগুলো হচ্ছে: প্রথমত, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য তার অহিংস সংগ্রামের জন্য দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, তিনি নিপীড়নের বিরুদ্ধে একজন আদর্শ হিসেবে পরিণত হয়েছেন। আর তৃতীয় বিষয়টি হচ্ছেÑ নোবেল কমিটি অং সান সু চিকে সম্মান জানাতে চায় বিশ্বের বহু মানুষের গণতন্ত্রের জন্য সংগ্রাম, মানবাধিকার ও জাতিগত শান্তি বজায় রাখায় তার শান্তিপূর্ণ সমর্থন ও অবিরত প্রচেষ্টার জন্য। রোহিঙ্গাদের উপর জাতিগত শোষণ অব্যাহত রেখে সু চি তিনটি বিষয়ই লঙ্ঘন করে চলেছেন। রাখাইনে রোহিঙ্গাদের মানবাধিকার বলে আসলে আর কিছু অবশেষ নেই। স্টেট কাউন্সেলর হিসেবে তিনিই আজ এক নিপীড়কের ভ‚মিকায়। জাতিগত শান্তির বিনাশে সারা বিশ্ব থেকে আজ তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।
ক্ষমতার চ‚ড়ায় আরোহণ করে সু চি তার অতীত মুক্তমনা চিন্তাধারা থেকে প্রায় বিপরীত মেরুতে চলে গেছেন। এমনকি মিয়ানমারের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত তার পিতা জেনারেল অং সানের আদর্শ থেকেও সরে এসেছেন। এ প্রসঙ্গে গণহত্যা বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ ড. গ্রেগরি এইচ স্ট্যানটন গণমাধ্যমে বলেছেন, সু চি তার সরকারের বর্ণবাদী নীতির সপক্ষে দাঁড়িয়েছেন। তিনি প্রকৃতপক্ষে তার পিতার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। কারণ, বার্মার মূল সংবিধানে রোহিঙ্গাসহ সব গোষ্ঠীকেই বার্মার নাগরিক হিসেকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ১৯৪৮ সালে বার্মার স্বাধীনতার বহু আগে থেকে রোহিঙ্গারা সেখানে বসবাস করে চলছিল। সুতরাং পিতার অনুসৃত নীতি থেকে ছিটকে বাইরে এসেছেন তিনি। এভাবে মেয়ে অং সান সু চির দ্বারা নৈতিকভাবে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন জেনারেল অং সান। একসময়ের শান্তিকামী সু চিকে গণহত্যার দায়ে অভিযুক্ত করার পক্ষে যুক্তিও তুলে ধরছেন। তিনি বলেছেন, বার্মা মিয়ানমার হওয়ার বহু আগে যে গণহত্যা প্রক্রিয়া শুরু হয়, এখন অং সান সু চি তার দায়িত্বভার তুলে নিয়েছেন। এটা একটা স্ববিরোধিতা।
ফিরিয়ে নাও সব সম্মান!
গণতন্ত্রের মানসকন্যা হিসেবে, মিয়ানমারের অবিসংবাদিত নেতা হিসেবে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছিল সু চির খ্যাতি। তার ভার আর সইতে পারলেন না তিনি। ক্ষমতার মসনদে বসে ভুলে গেলেন সব অর্জনের কথা। তাই রোহিঙ্গাদের বিরুদ্ধে অবিরাম বিষোদগার করে যাচ্ছেন সু চি। আর অত্যাচারী বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে বারবার। উগ্র জাতীয়তাবাদের জনপ্রিয়তার জোয়ারে তিনি যে ভেসে যেতে বসেছেন, সেদিকে কোনো খেয়ালই নেই। তাই তো তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবি উঠছে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে। নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে সেজন্যে মিলছে লাখো মানুষের সমর্থন। যার আওয়াজ প্রথম শুরু হয় গত বছর। সে সময় অনলাইনে তার নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়ার জন্য এক আবেদনে স্বাক্ষর করেছেন লক্ষাধিক মানুষ। চেঞ্জ ডট অর্গে এই আবেদনটি করা হয়।
এই আবেদনে বলা হয়, ‘আন্তর্জাতিক শান্তি এবং ভ্রাতৃত্ববোধ রক্ষায় যারা কাজ করেন, তাদেরকেই নোবেল শান্তি পুরস্কারের মতো সর্বোচ্চ পুরস্কার দেয়া হয়। সু চির মতো যারা এই পুরস্কার পান, তারা শেষ দিন পর্যন্ত এই মূল্যবোধ রক্ষা করবেন, এটাই আশা করা হয়। যখন একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শান্তি রক্ষায় ব্যর্থ হন, তখন শান্তির স্বার্থেই নোবেল শান্তি পুরস্কার কমিটির উচিত এই পুরস্কার হয় জব্দ করা নয়তো ফিরিয়ে নেয়া।’ চলতি সহিংসতার পর অং সান সু চির নিন্দা করেছেন শান্তির নোবেলের আরেক বিজয়ী ডেসমন্ড টুটু। এর আগে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস ও মালালা ইউসুফজাই।
২৭ সেপ্টেম্বর ২০১৭/ Choity.






















































