রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিব ছাড়াই ছেলে জয়ের জমকালো জন্মদিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগে থেকে শোনা যাচ্ছিল অপু বিশ্বাসের আয়োজনে করা ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন অনুষ্ঠানে থাকবেন না শাকিব খান। যদিও অনেকেই ভেবেছেন, হয়তো কেক কাটার আগের মুহূর্তে এসে হাজির হবেন তিনি। তবে তা আর হয়নি। গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ছেলের প্রথম জন্মদিন অনুষ্ঠানে অনুপস্থিতই থেকেছেন শাকিব। বাবাকে ছাড়াই প্রথম জন্মদিনের কেক কেটেছে ছোট্ট জয়। এ কারণে পুরো আয়োজন শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাই একবার হলেও বলেছেন, ইস! শাকিব থাকলে আরো মজা হতো। জয়ের জন্মদিনে বুধবার রাত ৮টা ৫০ মিনিটে অপু বিশ্বাস অনুষ্ঠানস্থলে এসে গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, আমার সন্তানের প্রথম জন্মদিন অনুষ্ঠান এটা। তাই গুছিয়ে করতে পেরেছি কি না জানি না। আমার জয়ের জন্য সবাই দোয়া করবেন। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে- এই কামনা করবেন।

জয়ের বাবা শাকিব খান কেন একমাত্র সন্তানের জন্মদিনে এলেন না, এ বিষয়ে তেমন কিছুই বলেননি অপু বিশ্বাস। শুধু বলেন, দুুপুরে বাচ্চার সঙ্গে বাসায় সময় কাটিয়েছে শাকিব খান। জানা গেছে, ছেলের জন্মদিন উপলক্ষে গরিব ও অসহায় ব্যক্তিদের জন্য গুলশানের একটি মসজিদে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন শাকিব খান। তারকা দম্পতি শাকিব ও অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনে জমকালো পার্টির আয়োজন করেন শাকিবপত্নী ও জয়ের মা অপু বিশ্বাস।

অনুষ্ঠানে রাত ৮টার পর একে একে উপস্থিত হন চিত্রনায়ক রিয়াজ, তার স্ত্রী তিনা ও কন্যা, বাপ্পী, পূর্ণিমা, শাবনূর, ডিএ তায়েব, কণ্ঠশিল্পী মমতাজ, ফ্যাশন বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, চিত্রপরিচালক বুলবুল বিশ্বাস প্রমুখ। সবশেষে শরীরে জ্বর নিয়ে আসেন শাবনূর। পৌনে ৯টায় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মা অপু ছেলে জয়ের জন্মদিনের কেক কাটেন। মুকুট আর শেরওয়ানি পরিহিত জয় ছিল আয়োজনের মধ্যমণি হয়ে। অনুষ্ঠানে উপস্থিত সবাই তার সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত ছিল। এদিকে বুধবার দুপুরে আলাদাভাবে শাকিব খান ছেলের জন্মদিন পালন করেন বলে জানান অপু বিশ্বাস। শাকিব জয়কে স্বর্ণের চেইন উপহার দিয়েছেন বলেও তিনি জানান।

পূর্বাশানিউজ/২৯সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি