শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শুদ্ধতায় উদযাপিত হোক আশুরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আরবি ১২ মাস। প্রত্যেক মাস নিজ অবস্থানে আপন মর্যাদায় অধিষ্ঠিত। আল্লাহপাক তার মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। চারটি মাস হলো মহররম, রজব, জিলকদ ও জিলহজ। এ চার মাসকে বলা হয় হারাম বা সম্মানিত মাস। এ মাসে খুনখারাপি, অন্যায়-জুলুম, লড়াই-বিবাদ থেকে দূরে থেকে এর প্রতি সম্মান প্রদর্শন করা মুসলমানের ধর্মীয় দায়িত্ব। আল্লাহ বলেন, ‘এ মাসগুলোতে তোমরা পরস্পরের প্রতি অত্যাচার করো না।’ (সূরা তওবা : ৩৬)।

মহররম শুদ্ধতার মাস। অন্তর বিকশিত করার মাস। চেতনাকে উজ্জীবিত করার মাস। এ মাসের দশম দিনকে বলা হয় আশুরা। রোজা পালনের দিন। আমলের তিথি। রোজা পালনের মধ্য দিয়ে গোনাহ থেকে বেঁচে থাকার উপায়। কিন্তু শত আফসোস আর পরিতাপের বিষয় হলো, পৃথিবীর গুটিকয়েক দেশে ১০ মহররমকে পালন করা হয় গোনাহের মধ্য দিয়ে। ইসলাম গর্হিত কাজের ভেতর দিয়ে। ধর্মের নামে ভিত্তিহীন কুসংস্কার উদযাপনে। প্রদর্শন করা হয় নিজেদের কলঙ্কিত মুখাবয়ব। আমাদের বাংলাদেশের মানুষও অসার এ কর্মকা-ে তোড়জোড়ের সঙ্গে লিপ্ত। এ মাস তাদের কাছে ভিত্তিহীন শোকের মাস। মাতমের মাস। ভিত্তিহীন তাজিয়া বানিয়ে রাস্তায় র‌্যালি করার মাস। নাড়–-পিঠা বিতরণের দিন।

১০ মহররম উপলক্ষে শিয়া সম্প্রদায়ের লোকজন বিভিন্ন বেদাতে লিপ্ত হয়। কুসংস্কার লালন করে জীবনজুড়ে। ১০ মহররমের কিছু কুসংস্কার তুলে ধরা হলোÑ

অনুষ্ঠান উদযাপন

বিভিন্ন জায়গায় মাহফিলের অনুষ্ঠান করে। এসব অনুষ্ঠান মানুষের চিন্তাকে বিকৃত করে দেয়। অন্তরকে করে তুলে কলুষিত। রাসুলের প্রিয় সাহাবি, ওহির লেখক মুয়াবিয়া (রা.) কে গালাগাল করা হয়। সাইপ্রাস বিজয়ের এজিদকে মাত্রাতিরিক্ত গালাগাল ও কাফের বলে ফতোয়া দেয়া হয়। কোটি কোটি টাকা অপচয় হয় এসব অনুষ্ঠানে। হরেক রকম আলোকসজ্জা, রঙবেরঙের লাইটিং, অনুষ্ঠান দেখতে মহিলাদের জন্য বায়োস্কোপ, নানা অশালীন কর্ম আর অপচয়ের মধ্য দিয়ে পালিত হয় তাদের মাহফিল। অথচ ইসলাম অপচয় রোধ করতে তাগিদ দিয়েছে। আল্লাহ বলেন, ‘তোমরা খাও, পান করো, অপচয় করো না।’ (সূরা আরাফ : ৩১)।

তাজিয়া বানিয়ে শোক মিছিল

১০ মহররমে শিয়ারা ইসলামের নিষিদ্ধ কাজে লিপ্ত হয়ে যায় অনায়াসে। তারা বেদাত কাজগুলোকে সওয়াব মনে করে। এ দিনে হুসাইন (রা.) এর ভুয়া কবর নির্মাণ করে রাস্তায় তাজিয়া প্রদর্শনী করে। শোক মিছিল করে দলবেঁধে। ওই তাজিয়ায় হুসাইন (রা.) এর রুহ উপস্থিত হয় ধারণা করে তাকে সালাম জানায়। তার সামনে হাঁটু গেড়ে বসে। এমনকি সিজদা পর্যন্ত করে, যা মূর্তিপূজার শামিল। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি লাশ ছাড়াই ভুয়া কবর জিয়ারত করল, সে যেন মূর্তিকে পূজা করল।’ (বায়হাকি)।

শোক প্রদর্শনে বুক চাপড়ানো

নামধারী হুসাইন ভক্তরা মিথ্যা ভালোবাসা প্রদর্শনে বুক চাপড়ায়। বুকের কাপড় ছিঁড়ে ফেলে। ধারালো ছুরি ইত্যাদি দারা বুকের ওপর আঘাত করে। ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করে। রক্তের নামে লাল রঙ গায়ে মাখে। অথচ ইসলামে কারও মৃত্যুতে এমন অবৈধ পন্থায় শোক পালন করা হারাম। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি (মৃত্যু শোকে) মুখে আঘাত করে, কাপড় ছিঁড়ে ও জাহেলি যুগের মতো মাতম করে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়।’ (বোখারি ১২৯৭; মুসলিম ১০৩)। অন্য হাদিসে আরও হুশিয়ারি কণ্ঠে বিধৃত হয়েছে, ‘আমি ওই ব্যক্তি থেকে মুক্ত, যে শোকে মাথামু-ন করে, উচ্চৈঃস্বরে কাঁদে ও কাপড় ছিঁড়ে।’ (মুসলিম : ১০৪)।

বরকতের পিঠা নামে অপপ্রচার

হুসাইন (রা.) নামের সাইনবোর্ড স্থাপন করে, তার নামের বরাত দিয়ে লোকেরা পিঠা-নাড়– চড়ামূল্যে বিক্রি করে। বরকতের পিঠা বলে ব্যাপক বিক্রি ও অধিক লাভবান হয়। মানুষকে ধোঁকা দেয়। কিন্তু ইসলামে মিথ্যা বলা ও ধোঁকা দেয়া নিষিদ্ধ। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়।’ (মুসলিম : ১০১; তাবরানি : ৭৩৮)।

গানের আসর

১০ মহররমের এই দিনে একটি শ্রেণী জোটবেঁধে গানের আসর জমায়। পুরুষ-মহিলা একত্রে নাচানাচি ও গানবাদ্য করে। বানোয়াট সব গান ধরে ইতিহাস বিকৃত করে ফেলে। ইতিহাসের স্বনামধন্য ব্যক্তিদের অশালীন ও অকথ্য গানের সুরে ‘মালওন কাফের’ বলে চেঁচিয়ে ওঠে। ইসলামে নিষিদ্ধ গানের সঙ্গে চির হারাম বাজনাকে মিশিয়ে দিয়ে নাফরমানির চূড়ান্ত দৃষ্টান্ত প্রদর্শন করে। আল্লাহ বলেন, ‘আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ওইগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে।’

(সূরা লোকমান : ৩১)।

ইবনে মাসউদ (রা.) বলেন, এটি গান। ইমাম হাসান বসরি (রা.) বলেন, ‘তা গান ও বাদ্য সম্পর্কে নাজিল হয়েছে।’

কোরআন ও হাদিস পরিপন্থী বহু কাজের উদ্ভব হয় ১০ মহররমে। যার সবগুলোতে রয়েছে গোনাহের মোড়ক। অনেককে দেখা যায়, এ দিনে সুসজ্জিত অশ্বারোহী হয়ে কারবালা যুদ্ধের মহড়া সাজায়। যুদ্ধের ক্রীড়া দেখায়। কেউ আবার কালো পোশাক পরিধান করে ও কালো ব্যাজ ধারণ করে। এমনকি এ দিনে বিয়েশাদি, পানি পান, শিশুকে স্তন্য দান অনেকে পাপ মনে করে। এছাড়া আর বহু ভিত্তিহীন বিশ্বাস ও কর্মকে জড়ানো হয়েছে ঐতিহাসিক পবিত্র এ দিনের সঙ্গে। এ দিনের মর্যাদা বেড়েছে যুগে যুগে নানা তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটনের মধ্য দিয়ে। বিশেষ করে হজরত মুসা (আ.) এ দিনে ফেরাউনের ওপর বিজয়ী হন। আর ডুবে মরে ফেরাউন ও তার দল। এর মাধ্যমে সত্যের জয় ও মিথ্যার পরাজয় ঘটে। এটিই এ দিনের সবচেয়ে বড় ঘটনা বলে নবী (সা.) এ দিন রোজা রেখেছেন। এ রোজা কিংবা আশুরার ফজিলতের সঙ্গে নবী (সা.) এর প্রিয়তম দৌহিত্রের শাহাদতের কোনো সম্পর্ক নেই। জালেমদের হাতে তার শহীদ হয়ে যাওয়ায় এ পবিত্র দিবসকে শুধু কালিমালিপ্ত করেছে। আমরা রাব্বে কারিমের দরবারে ১০ মহররমের শুদ্ধতা কামনা করি। শুদ্ধতায় উদযাপিত হোক ১০ মহররমÑ এটাই আমাদের তীব্র বাসনা।

পূর্বাশানিউজ/২৯সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি