শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলের জেল-জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাগর-নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা না মানার অপরাধে ৬ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষখালী-বলেশ্বর নদীর মোহনা থেকে রবিবার ভোরে ৩টি নৌকাসহ তাদের আটক করা হয়।

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. কামরুল হুদা ৫ জনকে ২ বছর করে কারাদণ্ড ও একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ইউএনও শাহ মো. কামরুল হুদা জানান, বঙ্গোপসাগরের মোহনা বিশখালী নদী এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে জাটকা ইলিশ ও তিনটি নৌকাসহ ৬ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল-জরিমনা করা হয়। এছাড়াও জব্দ করা মাছগুলো এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার সোনাতলা গ্রামের মো. কাঞ্চন হাওলাদারের ছেলে কাইয়ুম (১৩), কবির খানের ছেলে মাহবুব (১৮), মৃত মো. আলী খানের ছেলে আবু হানিফ, মৃত হাসেম ফকিরের ছেলে আফজাল (৮০) ও কুমিরমারা গ্রামের আব্দুস সালামের ছেলে সোহেল (১৮), হাতেম ফকিরের ছেলে ছালাম (৪৬)।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষার্থে ০১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পযর্ন্ত ইলিশ আহরণ, বাজারজাত, বিক্রি, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

পূর্বাশানিউজ/০১ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি