পূর্বাশা ডেস্ক:
দুটি ফিফটি, চারটি পঞ্চাশ ছোঁয়া জুটি- এরপরও রান ৩২০। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ একটু কমই মনে হচ্ছে মুমিনুল হকের। ফিফটি পাওয়া বাঁহাতি ব্যাটসম্যান মনে করছেন, সাড়ে চারশ পর্যন্ত যাওয়া সম্ভব ছিল।
টেস্টে প্রথমবারের মতো তৃতীয় থেকে ষষ্ঠ-চারটি উইকেট জুটিতে পঞ্চাশ ছোঁয়া রান পায় বাংলাদেশ। তার সবচেয়ে বড়টি ৬৯ রানের।
তিনটি পঞ্চাশ ছোঁয়া জুটিতে থাকা মুমিনুল দলের ৩২০ রানে থেমে যাওয়ায় দায় দিলেন ব্যাটসম্যানদের থিতু হয়ে ফিরে যাওয়া আর জুটি বড় করতে না পারাকে।
“আমরা যেহেতু প্রায় সবাই থিতু হয়ে আউট হয়েছি, আমার কাছে মনে হয় ৩২০ রান একটু কমই হয়েছে। এটা চারশ, সাড়ে চারশ হতে পারত। যদি রিয়াদ ভাই আউট না হত, আমি আউট না হতাম। যদি কেউ একশ করতে পারতাম, আরও বড় জুটি হত। তাহলে সাড়ে চারশ রান হতে পারত।”
নিজের আউটের কথা আলাদা করেই বললেন মুমিনুল। বাঁহাতি স্পিনার কেশভ মহারাজের বল এগিয়ে না পিছিয়ে খেলবেন ঠিক করতে না পেরে খেলেন জায়গায় দাঁড়িয়ে। ব্যাট ছুঁয়ে ক্যাচ চলে যায় ফরোয়ার্ড শর্ট লেগে এইডেন মারক্রামের হাতে।
“প্রথম দিন থেকেই উইকেট খুব ভালো ছিল। অনেকটা আমাদের দেশের উইকেটের মতো। ব্যাটিং করতে খুব ভালো লেগেছে।… আমি যেমন আশা করেছিলাম, বলটা তেমন হয়নি। আমি হয়তো একটু বেশি টার্ন আশা করেছিলাম, সে কারণে (শট ঠিক) হয়নি। যদি দ্বিতীয় ইনিংসে সুযোগ পাই এই ভুল উতরানোর চেষ্টা করব।”
তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে এগিয়ে। ম্যাচের যা পরিস্থিতি তাতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।
পূর্বাশানিউজ/০১ অক্টোবর ২০১৭/রুমকী

























































