রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানকে ‘সাবধান’ করলেন ক্যাটরিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাস তিনেক আগেই ফ্লপের খাতায় নাম ওঠে বলিউড হার্টথ্রব সালমান খান অভিনীত ১৯৬২ সালের চিন-ভারত ঐতিহাসিক যুদ্ধের ওপর নির্মিত ছবি ‘টিউবলাইট’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে কোটি কোটি টাকা লোকসান হয় ছবির নির্মাতা ও প্রযোজকদের। সে দায় নিজের কাধে নিয়ে ছবির লোকসানের জন্য বিপুল পরিমান টাকা ক্ষতিপূরণ দেন বজরঙ্গি ভাইজান।

ছবির প্রচারের কাজ ঢিলেঢালা ছিল বলে ‘টিউবলাইট’ ফ্লপ হওয়ার কারণ হিসেবে জানা যায়। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার সালমানকে আগেভাগেই সাবধান করে দিলেন ক্যাটরিনা কাইফ। মাস দুয়েক পরই মুক্তি পাবে সালমান ও ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’ ছবির দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’।

ছবির সহঅভিনেতা সালমানকে উদ্দেশ্য করে ক্যাট বলেন, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারণা হতে হবে জোরদার। ‘টিউবলাইট’র মতো ঢিলেঢালা হওয়া চলবে না। যদি ঠিকমতো প্রচারণা চালানো হয় তাহলে এটা সমসাময়িক সময়ের সবচাইতে ব্যবসাসফল ছবিগুলোর একটি হতে পারে।’

নায়িকার কথাতেই পরিষ্কার, ছবির প্রচারণায় কোনো প্রকার ত্রুটি রাখতে চান না তিনি। প্রচারণার জন্য আপাতত কোনো কাজে হাত না দিয়ে নিজের সময়ও বাঁচিয়ে রাখছেন তিনি। ক্যাটের সঙ্গে একমত সালমানও। এর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় ‘টিউবলাইট’র প্রচারণায় তেমন সময় দিতে পারেননি সালমান। যার কারণে ফ্লপের তালিকায় চলে যায় ‘টিউবলাইট’।

এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। আলী আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর সালমান খানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। পাঁচ বছর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’র প্রথম কিস্তি ‘এক থা টাইগার’এ এক সঙ্গে জুটি বেধে অভিনয় করেছিলেন বলিউডের এই আলোচিত জুটি।

পূর্বাশানিউজ/০২ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি