
পূর্বাশা ডেস্ক:
রোহিঙ্গাদের নিয়ে বাণিজ্যে মেতে উঠেছে একাধিক দালাল চক্র। তারা আগত রোহিঙ্গাদের নানা কৌশলে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে। বিনিময়ে হাতিয়ে নিচ্ছে রোহিঙ্গাদের হাতে থাকা টাকা-পয়সা। যার ফলে কৌশলে ঢুকে পড়া রোহিঙ্গাদের সেবাদানের প্রতিযোগিতা শুরু করেছে ওই দালাল চক্রের লোকজন।
এনিয়ে পুলিশের দাবি, দালালদের দৌরাত্ম্য বন্ধে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।
গত ২৫শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর থেকে প্রথম দিকে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। এরপর গত তিন সপ্তাহে বান্দরবনের ঘুমধুম, তমরু, জলপাইতলির পাশাপাশি টেকনাফের লম্বারবিল ও কাঞ্জরপাড়া সীমান্তসহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৪ লাখের বেশি রোহিঙ্গা। এদিকে গত এক সপ্তাহে অন্য সব সীমান্ত দিয়ে রোহিঙ্গা প্রবেশ কমলেও টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে এখনো বাংলাদেশে ঢুকছে হাজার হাজার রোহিঙ্গা। তাদের পালিয়ে আসাকে কেন্দ্র করে মূল্যবান দ্রব্যাদির পাশাপাশি মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একদল দালালচক্র।
এ সম্পর্কে পালিয়ে আসা রোহিঙ্গারা বলেন, ‘নদী পাড় হতে আমদের থেকে টাকা আর অলংকার নিয়ে যায় নৌকার মাঝি আর কিছু লোকজন। না দিলে তারাও আমাদের মেররে ফেলার হুমকি দেয়।’
রোহিঙ্গাদের সহায়তার নামে এই অর্থ হাতিয়ে নেয়ায় দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় স্থানীয় জনপ্রতিনিধি। এ সম্পর্কে টেকনাফের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘দালালেরা ১০-১২ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। কিন্তু ইদানীং শুনছি ৫০-৭০ হাজার করেও টাকা নিচ্ছে।’
তবে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। এ সম্পর্কে কক্সবাজারের পুলিশ সুপার ড. একে এম ইকবাল হোসেন বলেন, ‘যারা রোহিঙ্গা প্রবেশ করতে দেয় বা যারা সাহায্য করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিয়েছি। গোয়েন্দা নজরদারি রেখেছি।’
এদিকে পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত রাখাইন রাজ্যে সহিংসতার পর নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নৌকা ডুবিতে মৃত্যু হয়েছে ১শ ৩৫জন রোহিঙ্গার। যার অধিকাংশই শিশু ও নারী।
২০১৭/রুমকী























































