শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্কয়ারের পরিচালককে নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে রবিনসন আর-৬৬ মডেলের বেসরকারি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে চাটমোহরে এক চাতালে ভেঙে পড়েছে। এতে স্কয়ারের পরিচালক আনিকা চৌধুরীসহ ৪ জন আহত হয়েছে।

১ সেপ্টেম্বর রোববার বিকালে ৫টার দিকে পাবনার চাটমোহরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ৫টার দিকে একটি হেলিকপ্টার বিকট শব্দে স্থানীয় রেজাউল করিম বাবুর ধানের চাতালের উপর ভেঙে পড়ে। পরে এলাকাবাসীর সহায়তায় হেলিকপ্টারের ভেতরে থাকা পাইলটসহ অন্যরা বের হয়ে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটিকে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করেন।

চাটমোহর থানার ওসি এসএম অহসান হাবীব জানান, রবিনসন আর-৬৬ মডেলের এই হেলিকপ্টারটি স্কয়ারের। স্কয়ারের পরিচালক আনিকা চৌধুরীসহ অন্যরা এতে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। বিকাল ৫টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে পাইলট পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দফতরের সামনে একটি ধানের চাতালে হেলিকপ্টারটিকে ল্যান্ড করানোর চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণে না থাকায় সেটি ভেঙে পড়ে। তবে কেউ গুরুতর আহত হননি। পরে হেলিকপ্টারের যাত্রীরা সড়ক পথে পাবনায় যান বলে জানান তিনি।

পূর্বাশানিউজ/০২ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি