
পূর্বাশা ডেস্ক:
ব্যক্তিগত অসুস্থতার কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির আবেদন করেছেন। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে তার অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
গতকাল সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী কর্মে প্রবীণ হওয়ায় রাষ্ট্রপতি তাকে (আবদুল ওয়াহহাব মিঞা) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার থেকে তিনি দায়িত্ব পালন করবেন।
অধস্তন আদালতের বিচারকের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ও ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সঙ্গে টানাপোড়েনের মধ্যে এ ছুটির আবেদন করলেন প্রধান বিচারপতি।
এদিকে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কোন চাপে নয়, এটা প্রধান বিচারপতির ব্যক্তিগত ছুটি। এ ছুটির সঙ্গে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, অবকাশ শেষে আদালত খোলার দিনে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার ঘটনা সুপ্রিমকোর্টের ইতিহাসে নজিরবিহীন।
২৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি ছিল। আজ (মঙ্গলবার) থেকে নিয়মিত আদালত বসছে। এর মধ্যে প্রধান বিচারপতি ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে ছিলেন। এদিকে মঙ্গলবার সকালে বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে যাচ্ছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা।
পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাতের জন্য মঙ্গলবার ধার্য আছে। সৌজন্য সাক্ষাতে কোনো আইনজীবীর যাওয়া না যাওয়া তার একান্ত বিষয়। এ নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কোনো বিধিনিষেধ নেই।
উল্লেখ্য, ২৪ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের রায় বাতিল ও প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান বিচারপতির সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, তা ‘অবৈধ’ ঘোষণার রায় গত ১ আগস্ট প্রকাশ করেন সুপ্রিম কোর্ট।
ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি এস কে সিনহা দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ের সমালোচনা করেন। এতে রায় প্রকাশের পর থেকেই প্রধান বিচারপতিকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই মধ্যে গত ৮ সেপ্টেম্বর রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডা যান প্রধান বিচারপতি। সেখান থেকে তিনি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যান। ১৬ দিনের সফর শেষে গত ২৪ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধান বিচারপতি। সুরেন্দ্র কুমার সিনহার চাকরির আরও প্রায় চার মাস বাকি আছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রয়েছে তার চাকরির মেয়াদ।
২০১৭/রুমকী






















































