
পূর্বাশা ডেস্ক:
বিশ্রামে থাকায় দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে আগে থেকেই ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোটের কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে দেশসেরা ওপেনার তামিম ইকবালকেও পাচ্ছে না বাংলাদেশ। তার ওপর পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টটি ফ্ল্যাট উইকেটে হলেও ব্লুমফন্টেইনে বাউন্সি পিচ পাচ্ছে সফরকারীরা। সিরিজ বাঁচানোর ম্যাচে সব মিলিয়ে কঠিন পরীক্ষার সামনে মুশফিকুর রহিম বাহিনী। আজ ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি গাজী ও মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
প্রথম টেস্টের উইকেটের সঙ্গে ম্যানগাউংয়ের উইকেটের বড় পার্থক্য হলো এখানে সবসময় বাউন্স পাবেন বোলাররা। ফলে পচেফস্ট্রুমের চেয়ে এখানে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। যদিও ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা দলে নেই প্রোটিয়াদের সেরা পেসাররা। ডেল স্টেইন, ভারনন ফিলান্ডার ও ক্রিস মরিস আগে থেকেই ছিলেন না। প্রথম টেস্টের ইনজুরি দল থেকে ছিটকে দিয়েছে মরনে মরকেলকেও। স্বাগতিকদের প্রথম সারির পেস অ্যাটাক না পেলেও সফরকারীদের নিশ্চিন্ত থাকতে দিচ্ছেন না তরুণ পেসার ক্যাগিসো রাবাদা। প্রথম টেস্টে টাইগার ব্যাটসম্যানদের জন্য ত্রাসে পরিণত হয়েছিলেন ২২ বছর বয়সী এ সেনসেশনাল পেসার। দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন ৫ উইকেট। তবে ম্যানগাউং ওভালে নিজের পছন্দের উইকেট পাচ্ছেন ডানহাতি পেসার। ঘাসের সবুজ উইকেটে রাবাদা হয়ে উঠতে পারেন বাংলাদেশ দলের বিপদের কারণ। এছাড়া প্রোটিয়াদের বর্তমান স্কোয়াডে থাকা পেসার ডোয়াইন অলিভিয়ের, ওয়েন পারনেল, আন্ডিলে ফেহলুকওয়ায়ো ও ড্যান প্যাটারসনরা উইকেট সুবিধা কাজে লাগিয়ে জ্বলে উঠতে পারেন। বাউন্স ও শর্ট বলে ঘায়েল করতে পারেন সফরকারীদের।
ব্লুুমফন্টেইনের ম্যানগাউং ওভালে এমনিতেই বেশি টেস্ট ম্যাচের আয়োজন করা হয় না। এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে এ ভেন্যুতে; যার সবক’টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ কারণে ম্যানগাউং ওভাল প্রোটিয়াদের জন্য সৌভাগ্যের মাঠ। এ মাঠেই ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটিতে ইনিংস ও ১২৯ রানের ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের। দুই ইনিংসে ১৫৩ ও ১৫৯ রানে অলআউট হয়েছিল সফরকারীরা। ৯ বছর আগে বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টের পর আর কোনো টেস্ট ম্যানগাউংয়ে অনুষ্ঠিত হয়নি। সেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও টেস্ট ক্রিকেট ফিরছে এ ভেন্যুতে। সাকিব নেই; মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে চোট ছিটকে দিয়েছে তামিমকে। সঙ্গে রানে নেই টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল-লিটনরা। তারপরও দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ দলপতি মুশফিকের, ‘আমাদের লক্ষ্য সিরিজে ঘুড়ে দাঁড়ানো। আশা করছি, আমরা সফল হব। অবশ্যই এ ম্যাচে ভালো কিছু করতে হবে নয়তো আমাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে।’ পচেফস্ট্রুমে একমাত্র মোস্তাফিজ ছাড়া সফরকারীদের কোনো পেসার জ্বলে উঠতে পারেননি। এ ম্যাচেও পেস আক্রমণে টাইগারদের ভরসা মোস্তাফিজই। অন্যদিকে ব্যাটিংয়ে তামিমের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিয়েই খেলতে হবে মুশফিক-রিয়াদ- মুমিনুলদের।
প্রথম টেস্টে বাংলাদেশকে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে স্বাগতিকরা। ম্যানগাউংয়ে জিতে ২-০তে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেন, ‘প্রথম টেস্টে নিখুঁত অলরাউন্ড পারফরম্যান্স হয়েছিল আমাদের। আশা করি, এখানেও তা অব্যাহত রাখতে পারব। আমাদের লক্ষ্য থাকবে নিজেদের সেরাটা বের করে আনা। আমরা ম্যাচ জিততে চাই। পাশাপাশি সিরিজও জিততে চাই।’
বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও শুভাশিষ রায়।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডিন এলগার, আইডেন মার্করাম, হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, তিউইনস ডি ব্রুইয়ান, কেশব মহারাজ, ক্যাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, ডুয়ানে অলিভার, ওয়েন পার্নেল ও আন্দিলা ফেলুকুয়াও।
অক্টোবর ৬, ২০১৭/ রুমকী
























































