
পূর্বাশা ডেস্ক:
যশোর সদরের ঘোপ নওয়াপাড়া জামে মসজিদ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ধারণা, বাড়িটিতে অবস্থান করছে হলি আর্টিজান হামলার অন্যতম আসামি হাদিসুর রহমানের স্ত্রী ও মারজানের বোন খাদিজা।
পুলিশ জানায়, রোববার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি দল যশোরে যায়। এরপর স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে রাতেই ওই বাড়ি ঘিরে ফেলা হয়। বাড়িতে এখনো অভিযান চালানো হয়নি বলে জানিয়েছেন যশোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান।
অভিযান পরিচালনা করতে এরইমধ্যে গোয়েন্দা পুলিশ সোয়াত সদস্য ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেছে। সকাল ১০টা নাগাদ বাড়িটিতে অভিযানে চালানোর কথা রয়েছে।
ভবনটিতে হ্যান্ড গ্রেনেডসহ বিস্ফোরক রয়েছে বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া খাদিজার কাছে তিনটি সুইসাইডেল ভেস্ট রয়েছে বলেও সাংবাদিকদের তথ্য জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
ঘিরে রাখা বাড়িটির মালিক যশোর জেলা স্কুলের শিক্ষক হায়দার আলী বলেও জানিয়েছে পুলিশ।
২০১৭/মাহি






















































