
পূর্বাশা ডেস্ক:
টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ফরেস্ট অফিসের পিছনে সুপারি বাগান থেকে ৬০লাখ টাকার মূল্যমানের ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
০৮ অক্টোবর শনিবার বিকালে সুপারি বাগানের মধ্যে একটি ঝোপের ভেতর সামান্য পরিমান জায়গায় মাটি খোড়া অবস্থায় ইয়াবা গুলো উদ্ধার করা হয়।টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে:র্কণেল এসএম আরিফুল ইসলাম জানান, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাবরাং ইউপিস্থ নয়াপাড়া ফরেস্ট অফিসের পিছনে সুপারি বাগানের ভিতর ইয়াবা ক্রয়-বিক্রয় হতে পারে।
সাবরাং বিওপির নায়েব সুবেদার মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমন করতঃ তল্লাশী অভিযান পরিচালনা করে।টহলদল সুপারি বাগানের মধ্যে একটি ঝোপের ভেতর সামান্য পরিমান জায়গায় মাটি খোড়া অবস্থায় দেখতে পায়।
এমতাবস্থায় সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ঝোপের ভেতর প্রবেশ করে সামান্য মাটি খোঁড়ার পর পলিথিন দ্বারা মোড়ানো একটি প্লাষ্টিকের প্যাকেট দেখতে পায়। উক্ত প্যাকেটটি খুলে গণনা করে ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা মূল্যমানের ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
২০১৭/মাহি























































