
পূর্বাশা ডেস্ক:
ব্রাজিলের মাঠে জয় পেলে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ছিল চিলির। কিন্তু নেইমারদের কাছে হেরে লাতিন আমেরিকা অঞ্চলে ৬ নম্বর হয়ে বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই ছিটকে পড়লো টানা দুইবারের কোপা আমেরিকা বিজয়ীরা। বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিতে হল তাদের।
ব্রাজিল চাইলে চিলিকে একটু ছাড় দিতেও পারতো! দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচের জয় পরাজয়ে কিছুই যেতো আসতো না নেইমারদের। কিন্তু তিতের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা দলটি একদমই ছাড় দিল না। পাওলিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করে চিলির বিশ্বকাপ স্বপ্ন একেবারে শেষ করে দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস।
২০১৫ সালের অক্টোবরে এই চিলির কাছে ২-০ গোলে হেরেই বাছাইপর্বে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এরপরের সময়টা তো কেটেছে রীতিমত স্বপ্নের মত। বাছাইপর্বে টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকেই বিশ্বকাপ যাত্রা শুরু হল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়দের।
২০১৭/রুমকী
























































